খোকাসহ আটজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদেক হোসেন খোকা
সাদেক হোসেন খোকা

সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ ঢাকা সিটি করপোরেশনের আটজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিং এবং খোলা জায়গায় দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে আজ রোববার এ মামলা করা হয়।

অভিযুক্ত অপর সাতজন হলেন: ডিসিসির সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমান, সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, অবসরপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা সাহাবুদ্দিন সাবু, সম্পত্তি বিভাগের কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া, ফারুক হোসেন ও মোতালেব হোসেন।

আজ বেলা দুইটার দিকে রাজধানীর শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি করেন (মামলা নং ৩১)। মামলা দায়েরের পর তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সংশ্লিষ্টতা পাওয়ায় খোকাসহ আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, আগের ঢাকা সিটি করপোরেশন (এখন নাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন) বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিং ও খোলা জায়গায় অবৈধভাবে ৪৯৩টি দোকান নির্মাণ করে তা অস্থায়ীভাবে বরাদ্দ দিয়ে আর্থিক সুবিধা নিয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা।

বরাদ্দ দেওয়ার অধিকার রয়েছে কর্তৃপক্ষের, সে ক্ষেত্রে মেয়রের সঙ্গে তত্কালীন প্রধান নির্বাহী কর্মকর্তাকে কেন আসামি তালিকাভুক্ত করা হয়নি, জানতে চাইলে দুদকের কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন প্রথম আলোকে জানান, এটি প্রাথমিক পর্যায়ের অনুসন্ধান। পরে বিশদ তদন্তের ভিত্তিতে আসামির তালিকা চূড়ান্ত করা হবে।