খোকাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশন এ অনুমোদন দেয়। তাঁদের বিরুদ্ধে বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিংয়ের স্থানে এবং খোলা জায়গায় দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
সাদেক হোসেন ছাড়া আরও যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে তাঁরা হলেন সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, অবসরপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা সাহাবুদ্দিন সাবু, সম্পত্তি বিভাগের কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া, ফারুক হোসেন ও মোতালেব হোসেন।
দুদক সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তিরা নীতিমালা লঙ্ঘন করে স্থায়ী মার্কেট দুটির কার পার্কিং ও খোলা জায়গায় দোকান নির্মাণ করেন ও অস্থায়ীভাবে বরাদ্দ দেন। এ অভিযোগে গত বছরের ২৪ আগস্ট সাদেক হোসেন খোকাসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক।
দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম এ অভিযোগের তদন্ত করেন। তাঁর প্রতিবেদনেই সাবেক প্রধান সম্পত্তি মশিয়ার রহমানকে অব্যাহতি দিয়ে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্রের সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে মশিয়ার রহমানকে অব্যাহতি দিয়ে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয় কমিশন।