বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিংয়ের স্থানে এবং খোলা জায়গায় দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে করা মামলায় সাদেক হোসেন খোকাসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা শেখ আবদুস সালাম।
অভিযোগপত্রে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ সাতজনকে আসামি করা হয়। অন্য ব্যক্তিরা হলেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, অবসরপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা সাহাবুদ্দিন সাবু, সম্পত্তি বিভাগের কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া, ফারুক হোসেন ও মোতালেব হোসেন।
নীতিমালা লঙ্ঘন করে বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিং ও খোলা জায়গায় দোকান নির্মাণ করে অস্থায়ীভাবে বরাদ্দ দেওয়ার অভিযোগে গত বছরের ২৪ আগস্ট সাদেক হোসেন খোকাসহ আটজনের বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক। অভিযোগপত্রে এজাহারভুক্ত আসামি সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমানকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।