খোকাসহ সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দিলকুশায় একটি ভবন নির্মাণে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের ৮২৭ কোটি টাকা ক্ষতির অভিযোগে সাবেক ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক হারুনুর রশীদ গতকাল বৃহস্পতিবার বিকেলে শাহবাগ থানায় এ মামলা করেন।মামলার বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, বিকেলে মামলাটি থানায় তালিকাভুক্ত করা হয়েছে।গতকাল দায়ের করা মামলার অন্য আসামিরা হলেন: বর্তমানে ভূমি সংস্কার বোর্ডের সচিব ও সাবেক ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হক, ডিসিসির ফেইস প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সেহাবউল্লাহ, ডিসিসির অঞ্চল-১০-এর নির্বাহী প্রকৌশলী মো. মনসুর আহম্মেদ, ডিসিসির অঞ্চল-৮-এর উপসহকারী প্রকৌশলী মো. আমিনুর রহমান চৌধুরী, ডিসিসির ফেইস প্রকল্পের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মফিজুর রহমান এবং মেসার্স এমআর ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান।এজাহারে বলা হয়েছে, ৩৭ নম্বর দিলকুশায় বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) একটি প্লটে (প্রায় ৩৭ কাঠা) বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য সরকারি সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, বিজেএমসি প্লটটি বিনা মূল্যে ডিসিসিকে হস্তান্তর করবে এবং ডিসিসি নিজস্ব অর্থায়নে ২৫তলা ভবন করবে। সেখানে ৩০টি গাড়ি পার্কিং ও দুটি তলা বিজেএমসি পাবে। কাজের প্রথম পর্যায়ে তিনতলা ভবন নির্মাণের নিমিত্তে বেজমেন্ট ও প্রথম তলা নির্মাণের জন্য দরপত্রে মেসার্স এমআর ট্রেডিংকে ঠিকাদার নিয়োগ করা হয়। কিন্তু কাজের বিভিন্ন পর্যায়ে ডিসিসির গাফিলতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান অবৈধভাবে ৮২৭ কোটি টাকা লাভ করে। অন্যদিকে, প্রতিষ্ঠানটির সঙ্গে সাদেক হোসেনসহ ডিসিসির ওই কর্মকর্তারা পরস্পরের যোগসাজশে নিজেদের আর্থিক উন্নয়ন করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পেয়েছে দুদক।এর আগে গত ১৫ ফেব্রুয়ারি দুদক সাদেক হোসেনসহ চারজনের বিরুদ্ধে শাহবাগ থানায় আরেকটি মামলা করে।