খোকাসহ ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি
বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় বিএনপির নেতা সাদেক হোসেন খোকাসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। আজ আদালত এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পরোয়ানা জারির এই আদেশ দেন।
সাদেক হোসেন ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা শফিকুর রহমান ও শফিকুল ইসলাম, বিএনপি নেতা কামাল হোসেন, মনির হোসেন ও আশরাফ হোসেন।
২০১৩ সালের ৩০ নভেম্বর রমনা থানার মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় আসামিরা সুপ্রভাত বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে। এর ফলে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তায় চলাচলকারী একটি রিকশাকে চাপা দিলে আতিকুর রহমান নামের একজন নিহত হন। এ ঘটনায় রমনা থানার এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি করেন।
২০১৫ সালের ১৭ আগস্ট ডিবি পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাস বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, জামায়াত নেতা শফিকুর রহমান, শাফিকুল ইসলাম মাসুদসহ ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।