খোকাসহ ৫৫ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার অপব্যবহার করে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) কর কর্মকর্তাসহ বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়ার অভিযোগে সাবেক মেয়র ও বিএনপির নেতা সাদেক হোসেন খোকাসহ ৫৫ জনকে আসামি করে অভিযোগপত্র প্রস্তুত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশনের সভায় অভিযোগপত্রটি অনুমোদন করা হয়। বাকি আসামিদের মধ্যে ডিসিসির তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (বর্তমানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব) সাইফুদ্দিন আহম্মেদ ও তৎকালীন সচিব (বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি) আলমগীর হোসেন উল্লেখযোগ্য। দুদক ২০১০ সালের ২৯ জুন শাহবাগ থানায় মামলাটি করে। দুদক সূত্রে জানা গেছে, অভিযোগপত্রে বলা হয়েছে, মেয়র থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে সাদেক হোসেনসহ ডিসিসি ১৩ কর্মকর্তা পরস্পরের যোগসাজশে এক দিনে কর কর্মকর্তাসহ বিভিন্ন পদে ৪৯ জনকে নিয়োগ দেন। তার আগে ২০০৪ সালের ১১ জানুয়ারি কর কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি দেয় ডিসিসি।বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় তিন বছর পর ২০০৬ সালের ১৩ অক্টোবর আবেদনকারীদের লিখিত ও ১৮ অক্টোবর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মৌখিক পরীক্ষার দিনই নিয়োগের কার্যপত্র তৈরি, নিয়োগপত্র প্রদান, বাছাই কমিটির বৈঠক ও নিয়োগদান-প্রক্রিয়া সম্পন্ন দেখানো হয়। চাকরিপ্রাপ্ত ব্যক্তিরা হাতে হাতে নিয়োগপত্র নিয়ে ওই দিনই চাকরিতে যোগ দেন বলে নথিপত্রে দেখানো হয়। এ-সংক্রান্ত দাপ্তরিক নথির ১৮ ও ১৯ অক্টোবর তারিখের পৃষ্ঠায় কোনো ফাঁকা জায়গা না থাকায় আরেকটি নিবন্ধন নথি খোলা হয়। এক দিনের মধ্যে নিয়োগ ও যোগদান-প্রক্রিয়া সম্পন্ন হলেও ডিসিসির বিভিন্ন শাখায় নিয়োগ আদেশের অনুলিপি পৌঁছায় দুই মাস আট দিন পর, অর্থাৎ ২০০৬ সালের ২৬ ডিসেম্বর।