খোকাসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদেক হোসেন খোকা
সাদেক হোসেন খোকা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার কমিশন এ অভিযোগপত্র অনুমোদন দেয়। তাঁদের বিরুদ্ধে বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিংয়ের স্থানে এবং খোলা জায়গায় দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
সাদেক হোসেন খোকা ছাড়া আরও যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে তাঁরা হলেন‍-সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, অবসরপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা সাহাবুদ্দিন সাবু, সম্পত্তি বিভাগের কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া, ফারুক হোসেন এবং মোতালেব হোসেন।
দুদক সূত্র জানায়, অভিযুক্তরা নীতিমালা লঙ্ঘন করে স্থায়ী মার্কেট দুটির কার পার্কিং ও খোলা জায়গায় দোকান নির্মাণ করেন ও অস্থায়ীভাবে বরাদ্দ দেন। পরস্পরের যোগসাজশে জালিয়াতি করে ৪৯৩টি দোকান বিভিন্নজনের কাছে প্রতি বর্গফুট ১৫ টাকা হারে মাসিক ভিত্তিতে বরাদ্দ দিয়েছেন। এস্টেট বিভাগের নথিতে নোট শিট পরিবর্তন করে আগের সিদ্ধান্ত বাতিল করে দুটি মার্কেটের মোট ৪৯৩টি দোকান বরাদ্দ দেন।
এ অভিযোগে গত বছরের ২৪ আগস্ট সাদেক হোসেন খোকাসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। তদন্ত শেষে সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমানকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়।

দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম এ অভিযোগের তদন্ত করেন। তাঁর প্রতিবেদনেই মশিয়ার রহমানকে অব্যাহতি দিয়ে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্রের সুপারিশ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে কমিশন সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয়। দুদক সূত্র জানিয়েছে, বিচারিক কার্যক্রমের জন্য শিগগিরই আদালতে অভিযোগপত্র পেশ করা হবে।