খোদাবকশ শাহ স্মরণে দুই দিনব্যাপী উৎসব

একুশে পদকপ্রাপ্ত বাউলশিল্পী ও মরমি কবি খোদাবকশ শাহ স্মরণে চুয়াডাঙ্গায় গতকাল শনিবার থেকে দুই দিনব্যাপী স্মরণ উৎসব শুরু হয়েছে। কবির ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।
খোদাবকশ শাহ ১৯২৮ সালের ১৩ এপ্রিল জাহাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালের ৯ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে লালনসংগীতের শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৮৫ সালে বাংলা একাডেমি খোদাবকশ শাহকে বাংলা একাডেমি ‘ফেলো’ প্রদান করে। ১৯৮৭ সালে শিল্পকলা একাডেমির চাকরি ছেড়ে আখড়ায় ফেরেন। ১৯৯০ সালের ১৪ জানুয়ারি তিনি মারা যান। ১৯৯১ সালে বাংলা একাডেমি খোদাবকশ শাহকে মরণোত্তর একুশে পদক দেয়।
খোদাবকশ শাহ স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণোৎসবের আয়োজন করা হচ্ছে। গতকাল শনিবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা-জনতা ও বাউলেরা জাহাপুরের আখড়াবাড়ি থেকে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোস্তফা খান ও শহীদ খান, সদর উপজেলা কমান্ডার আশু বাঙালি, কবিপুত্র আবদুল লতিফ শাহ কবির সমাধিতে শ্রদ্ধা জানান।
এরপর আখড়াবাড়ির লিচুতলায় চলে বাউলগানের আসর। ফকির লালন শাহ ও খোদাবকশ শাহর লেখা গান পরিবেশন করেন বাউল গঞ্জের আলী শাহ, আবদুল লতিফ শাহ, লতিফের স্ত্রী রেখা শাহ ও তাঁদের মেয়ে তানিয়া শাহ এবং সানোয়ার শাহ, মিলন শাহ, তাঁরাচান শাহ।
আবদুল লতিফ শাহ বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে এই স্মরণোৎসব পালন করা হচ্ছে। গত বছর সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তায় উৎসব করা হয়। উৎসবে আসা বাউলদের থাকা, খাওয়াসহ আনুষঙ্গিক অনেক খরচ হয়। তাঁর চেষ্টা এবং ভক্ত অনুরাগীদের সহযোগিতায় এ উৎসব হচ্ছে। এমন আয়োজনে সরকারি সহযোগিতা জরুরি।
সারা দেশ থেকে আসা বাউলেরা শুক্রবার থেকেই অনুষ্ঠান শুরু করেন। সমাধি চত্বরসহ পুরো আখড়াবাড়িতে বাউলেরা ছোট ছোট ভাগে আসন পেতে আসর জমান। গতকাল সন্ধ্যায় মূল মঞ্চে মরমি কবির জীবনী ও কর্ম নিয়ে আলোচনা হয়। এরপর শুরু হয় নিরবচ্ছিন্ন বাউলগানের উৎসব। স্মরণোৎসবকে ঘিরে আখড়াবাড়ি ও আশপাশে শুরু হয়েছে গ্রামীণ মেলা। মেলায় নাগরদোলাসহ গ্রামীণ পণ্যের অসংখ্য স্টল তৈরি করা হয়েছে। আজ রোববার মধ্যরাত পর্যন্ত চলবে বাউলগানের আসর।
আলমডাঙ্গার বাউল গঞ্জের আলী শাহ (৮১) দীর্ঘদিন খোদাবকশ শাহর সঙ্গে সারা দেশে গান গেয়েছেন। তিনি বলেন, খোদাবকশ শাহ শুধু বাউল ছিলেন না, তিনি ছিলেন লালন-পরবর্তী সময়ে যোগ্য সাধক। খোদাবকশ শাহ ৯৫০টি গান লিখেছেন। এলাকার বাউলদের মুখে মুখে যা চারদিকে ছড়িয়ে পড়েছে।