খোদাবকশ শাহ স্মরণোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় একুশে পদকপ্রাপ্ত বাউলশিল্পী মরমি কবি খোদাবকশ শাহ স্মরণোৎসব বাউলদের মিলনমেলায় পরিণত হয়েছে। উপজেলার জাহাপুর গ্রামের আখড়াবাড়ি সমাধি চত্বরে গতকাল বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী ওই উৎসব শুরু হয়েছে।
খোদাবকশ শাহর ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খোদাবকশ শাহ স্মৃতি সংসদ এ উৎসবের আয়োজন করেছে। এর পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়।
খোদাবকশ শাহ স্মৃতি সংসদ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় ওই শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোস্তফা খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও বাউলশিল্পীরা ওই শ্রদ্ধাঞ্জলি দেন। এ সময় মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, মুনসুর আলী, আবদুল খালেক, আতিয়ার রহমান ছাড়াও শিল্পীর ভক্ত ও বাউলেরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলির পর আখড়াবাড়ির লিচুতলায় চলে বাউলগানের আসর। ফকির লালন শাহ ও খোদাবকশ শাহর লেখা গান পরিবেশন করেন বাউলগঞ্জের আলী শাহ, মিলন শাহ, বাবলু শাহ, আক্কাচ আলী শাহ, কুতুবুল আলম এবং খোদাবকশ শাহর একমাত্র ছেলে বাউল আবদুল লতিফ শাহ ও পুত্রবধূ রেখা শাহ।
সন্ধ্যায় মূল মঞ্চে শিল্পীর জীবনী ও কর্ম নিয়ে আলোচনা হয়। এরপর শুরু হয় নিরবচ্ছিন্ন বাউলগানের উৎসব। স্মরণোৎসব ঘিরে আখড়াবাড়ি ও আশপাশে শুরু হয়েছে গ্রামীণ মেলা।
ফরিদপুর থেকে আসা বাউল মিলন শাহ জানান, খোদাবকশ শাহর শিষ্যত্ব গ্রহণের পর বহুবার জাহাপুর গ্রামে এসেছেন। গুরুর প্রয়াণের পর প্রতিবছর স্মরণোৎসবে একদল বাউলকে সঙ্গে নিয়ে ছুটে আসেন আখড়াবাড়িতে।
আলমডাঙ্গার বাউলগঞ্জের আলী শাহ দীর্ঘদিন খোদাবকশ শাহর সঙ্গে সারা দেশে গান গেয়ে বেড়িয়েছেন। গঞ্জের আলী শাহ বলেন, খোদাবকশ শাহ শুধু বাউলই ছিলেন না, তিনি ছিলেন লালন-পরবর্তী সময়ে যোগ্য বাউল সাধক। জীবদ্দশায় তিনি ৯৫০টি গান লিখেছেন। এলাকার বাউলদের মুখে মুখে তা চারদিকে ছড়িয়ে পড়েছে।
খোদাবকশ শাহ ১৯২৮ সালের ১৩ এপ্রিল জাহাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালের ৯ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে লালনসংগীতের শিক্ষক হিসেবে তিনি যোগদান করেন। ১৯৯০ সালের ১৪ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। ১৯৯১ সালে খোদাবকশ শাহকে মরণোত্তর একুশে পদক দেওয়া হয়।