খোদেজা জয়ের ব্যাপারে আশাবাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে একমাত্র মহিলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তাঁর নাম খোদেজা বেগম। তিনি তালা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। উপজেলার ছয় ইউনিয়নের ৩৬ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে তিনিই একমাত্র মহিলা। আজ মঙ্গলবার ওই ইউনিয়নে অনুষ্ঠেয় নির্বাচনে তিনিসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে জয়ী হয়ে খোদেজা বেগম নারীর অধিকার প্রতিষ্ঠা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।জানা গেছে, ১৯৭৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে কুমিল্লা সরকারি মহিলা কলেজ থেকে খোদেজা বেগম রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি জালগাঁও রুস্তম আলী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পদে যোগদান করেন। পরে তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পদে কাজ করেন। বর্তমানে তিনি বেসরকারি চাকরির পাশাপাশি ব্যবসা করছেন। দুই সন্তানের জননী খোদেজা বেগম প্রথম আলোকে বলেন, ‘প্রথমবার নির্বাচনে প্রার্থী হয়েছি। আশা করি, শিক্ষিত হিসেবে ভোটাররা আমাকে বরণ করে নেবেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। স্বতন্ত্র ও নির্দলীয় প্রার্থী হওয়ায় মহিলা ও তরুণ ভোটাররা আমাকে বেছে নেবেন।’ ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হেদায়েত হোসেন প্রথম আলোকে বলেন, এ ইউনিয়নে পাঁচজন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এর মধ্যে খোদেজা বেগম একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী।