খোন্দকার দেলোয়ারসহ বিএনপির তিন নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রোববার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাংলাদেশ ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন বিন হেলালী এ মামলা করেন। মহানগর হাকিম এ কে এম এমদাদুল হক মামলাটি গ্রহণ করেন এবং আগামী ২৫ আগস্ট আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন।আদালত সূত্র জানায়, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি করা হলেও এতে আসামিদের বিরুদ্ধে এ অভিযোগের উপাদান না থাকায় আদালত দণ্ডবিধির ৫০৬ ধারার অভিযোগ আমলে নেন। মামলার অন্য দুই আসামি হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।বাদী আদালতকে বলেন, আসামিরা গত ২৫ জুলাই রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশে শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনার (শেখ হাসিনা) বাবার যে পরিণতি হয়েছে, আপনারও সেই পরিণতি হতে পারে।’ এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল। পরদিন বিভিন্ন সংবাদপত্রে এ বক্তব্য প্রকাশিত হয়েছে। মামলা গ্রহণ করে আদালত আদেশে উল্লেখ করেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার ক্ষেত্রে সরকারের অনুমতি প্রয়োজন রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়নি। তবে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০৬ ধারার উপাদান আছে। তাই হত্যার হুমকির অপরাধে অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করা হলো।খালেদা জিয়ার বিবৃতি: খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে করা মামলাকে হয়রানিমূলক দাবি করে খালেদা জিয়া বলেছেন, এর মাধ্যমে সরকারের দেওলিয়াপনার চরিত্র ফুটে ওঠেছে। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, সরকার বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে এবং মিথ্যা মামলা দায়ের করে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার কৌশল চালিয়ে যাচ্ছে। অতীতেও তারা ক্ষমতায় থেকে দুঃশাসনের মাধ্যমে নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারেনি। বর্তমানেও তারা মামলা দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে পারবে না। শাহ মোয়াজ্জেমসহ দুই নেতাকে হয়রানি না করার নির্দেশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের করা আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।