খোন্দকার দেলোয়ারের মরদেহ ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মরদেহ সিঙ্গাপুর থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সর্বস্তরের নেতা-কর্মীদের শ্রদ্ধা নিবেদনের পর প্রবীণ এই নেতার মরদেহ নিয়ে যাওয়া হয় আরমানিটোলার নিজ বাসভবনে। সেখানে প্রথম জানাজা শেষে গতকাল রাতে মরদেহ রাখা হয় বারডেম হাসপাতালের হিমঘরে।আজ শুক্রবার কয়েক দফা জানাজার পর খোন্দকার দেলোয়ারকে মানিকগঞ্জে তাঁর নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা গতকাল বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবীণ এই রাজনীতিকের কফিন গ্রহণ করেন। বিমানবন্দরের বাইরে রাস্তার দুই ধারে নেতা-কর্মীরা নীরবে দাঁড়িয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান। বিমানবন্দর থেকে খোন্দকার দেলোয়ারের মরদেহ সরাসরি নেওয়া হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে অস্থায়ীভাবে নির্মিত শোকমঞ্চে রাখা হয় কফিনে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে খালেদা জিয়া প্রয়াত মহাসচিবের প্রতি শ্রদ্ধা জানান। তিনি নিজ হাতে দলীয় পতাকা দিয়ে কফিনটি ঢেকে দেন। এরপর দলের শোকবইতে স্বাক্ষর করেন তিনি। খালেদা জিয়াসহ অন্য নেতা-কর্মীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রদ্ধা নিবেদনের সময় দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আর এ গনি, এম কে আনোয়ার, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, মাহবুবুব রহমান, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, এম মোর্শেদ খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, সেলিমা রহমান, সাদেক হোসেন খোকা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুল মান্নান, ইনাম আহমেদ চৌধুরী, মুশফিকুর রহমান, জয়নাল আবদীন ফারুক, আমান উল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদনের পর পর প্রয়াত নেতার আরমানিটোলার বাসায় যান খালেদা জিয়া। তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। দলীয় নেতা-কর্মীদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে দেলোয়ারের মরদেহ তাঁর পুরান ঢাকার আরমানিটোলার বাসভবনে নিয়ে যাওয়া হয়। বাদ এশা আরমানিটোলা খেলার মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়। খোন্দকার দেলোয়ারের আত্মার মাগফিরাত কামনায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় গতকাল দিনভর জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।আজ যেসব স্থানে জানাজা: বিএনপি সূত্র জানায়, আজ শুক্রবার সকাল নয়টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর সকাল ১০টায় হাইকোর্ট প্রাঙ্গণ, বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং বাদ জুমা বায়তুল মোকাররমে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে খোন্দকার দেলোয়ারের মরদেহ নিয়ে যাওয়া হবে মানিকগঞ্জের নিজ বাড়িতে। সেখানে জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হবে।এদিকে, পূর্বঘোষণা অনুযায়ী বিএনপির পাঁচ দিনের শোক কর্মসূচি গতকাল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং কালো পতাকা ওড়ানো হয়। মহাসচিবের মৃত্যুতে সারা দেশে শোক পালন করছে বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। খোন্দকার দেলোয়ার গত বুধবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান।