খোয়া গেল পোশাক কারখানার ৫১ লাখ টাকা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের কলমা এলাকার ‘হট ড্রেস’ নামের একটি পোশাক কারখানার হিসাব বিভাগ থেকে ৫১ লাখ ২৮ হাজার টাকা খোয়া গেছে।
বেশ কিছু শ্রমিকের বেতন পরিশোধ না করে হিসাব বিভাগের কর্মকর্তারা কৌশলে ওই পরিমাণ টাকা আত্মসাৎ করে ডাকাতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে মালিকপক্ষ অভিযোগ করেছে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, গত রোববার এসই গ্রুপের হট ড্রেস ও উইন্টার ড্রেস নামের দুটি পোশাক কারখানার তিন হাজার ৫০০ শ্রমিককে আগস্ট মাসের বেতন দেওয়ার জন্য ব্যাংক থেকে বেতনের আড়াই কোটি টাকা উত্তোলন করে কারখানায় আনা হয়। ওই দিন (রোববার) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত অধিকাংশ শ্রমিকের বেতন দেওয়া হয়।
হট ড্রেসের হিসাব সহকারী তাহমিনা আক্তার জানান, শ্রমিকদের বেতন দেওয়ার পর তিনিসহ অন্যরা হাতে থাকা টাকা ও বেতন বিবরণী সহকারী হিসাব ব্যবস্থাপক নূর মোহাম্মদের কাছে বুঝিয়ে দেন। এরপর নূর মোহাম্মদ চলে যান।
দাপ্তরিক কাজ শেষ করে তিনি (তাহমিনা) রাত ১০টার দিকে কারখানা থেকে বের হন। এ সময় সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা আজাদ হোসেন, হিসাব সহকারী জিয়াউল হক, মার্চেন্ডাইজার অখিল বিশ্বাসকে তিনি হিসাব বিভাগে রেখে যান।
জিয়াউল হক প্রথম আলোকে জানান, হিসাবনিকাশ শেষে তিনি অখিল বিশ্বাস ও আজাদ হোসেনকে নিয়ে রাত সাড়ে ১১টার দিকে কারখানা থেকে বের হয়ে যান।
জানতে চাইলে সহকারী হিসাব ব্যবস্থাপক নূর মোহাম্মদ বলেন, অধিকাংশ শ্রমিকের বেতন দেওয়ার পর হাতে থাকা কী পরিমাণ টাকা ভল্ট ও তাকে রাখা হয়েছিল, তা তাঁর জানা ছিল না। তবে গতকাল বেতন বিবরণী খতিয়ে ৫১ লাখ ২৮ হাজার টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, হিসাব বিভাগের দরজাসহ ভল্ট ও লোহার তাকে চাবি ব্যবহার করেই খোলা হয়েছে। ভাঙার কোনো আলামত পাওয়া যায়নি। এ থেকে মনে হচ্ছে ঘটনার সঙ্গে ভেতরের লোকজন, বিশেষ করে হিসাব বিভাগের লোকজন জড়িত থাকতে পারেন।
তবে সহকারী হিসাব ব্যবস্থাপক নূর মোহাম্মদসহ অন্যরা টাকা খোয়া যাওয়ার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাকিম সরকার বলেন, হিসাব বিভাগের কর্মকর্তারা কৌশলে বেশ কিছু শ্রমিকের বেতন পরিশোধ না করে ৫১ লাখ ২৮ হাজার টাকা কারখানায় রেখে যান। এরপর তা নিজেরাই আত্মসাৎ করে লুটের নাটক সাজিয়েছেন। তিনি বলেন, কারখানা থেকে বের হওয়ার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে সব শ্রমিকের বেতন পরিশোধ করার কথা জানান। কারখানায় টাকা রাখার বিষয়টি তাঁকেসহ অন্য মালিকদের জানানো হয়নি।
জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘টাকা খোয়া যাওয়ার সঙ্গে হিসাব বিভাগের কর্মকর্তারা জড়িত থাকতে পারেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করি, আগামীকালের (মঙ্গলবার) মধ্যেই ফল পাওয়া যাবে।’