খোয়াই নদ ভরাট বন্ধ করে দিলেন জেলা প্রশাসক
হবিগঞ্জে খোয়াই নদ ভরাট করে বিকল্প সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক। গত বৃহস্পতিবার তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কাজ বন্ধ করে দেন।
‘বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নিতে খোয়াই নদ ভরাট করে বিকল্প সড়ক’ শিরোনামে গত বৃহস্পতিবার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন ভ্রাম্যমাণ আদালত নিয়ে বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেন।
গতকাল শুক্রবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের নির্মাণকাজ বন্ধ রয়েছে। তবে নদের বুক ভরাট করায় প্রবাহ বন্ধ হয়ে আছে। এলাকাবাসী জানান, এখন বৃষ্টিপাতের সময়। ভারী বৃষ্টিপাত হলে এলাকায় আগাম বন্যার আশঙ্কা রয়েছে।
জানতে চাইলে জেলা প্রশাসক প্রথম আলোকে বলেন, তিনি বাঁধ অপসারণ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বলে দিয়েছেন। আজ শনিবার থেকে এ বাঁধ অপসারণের কাজ শুরু করা হবে।
হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩৩০ মেগাওয়াট ক্ষমতার একটি নতুন কেন্দ্র স্থাপনের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের গোয়াং ডং পাওয়ার ইঞ্জিনিয়ারিং করপোরেশন। প্রতিষ্ঠানটি তাদের ভারী যন্ত্রপাতি পারাপার করতে প্রায় এক মাস আগে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ সেতুর নিচ দিয়ে এ বিকল্প সড়ক তৈরির কাজ শুরু করে।