হবিগঞ্জের পরিবেশ, জীববৈচিত্র্য ও কৃষির ক্ষেত্রে খোয়াই নদ খুবই গুরুত্বপূর্ণ। জেলার প্রধান এই নদ রক্ষার ক্ষেত্রে কার্যকর ভূমিকা নেই বললেই চলে। কেবল পরিবেশবাদী সংগঠনগুলো এই নদ রক্ষায় সচেতনতার জন্য কাজ করলেই হবে না। এ জন্য সরকার, জনপ্রতিনিধি ও সচেতন সমাজকে এগিয়ে আসতে হবে। নইলে এই নদ রক্ষা করা যাবে না।
হবিহঞ্জে গতকাল রোববার পরিবেশ নিয়ে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সূত্রে জানা গেছে, বেলা ১১টায় হবিগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারের সম্মেলনকক্ষে বাপা ও খোয়াই রিভার ওয়াটারকিপারের পক্ষ থেকে খোয়াই নদ, নাগরিক আন্দোলন, প্রশাসনিক পদক্ষেপ ও বাস্তব পরিস্থিতি শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
বক্তারা বিশেষ করে খোয়াই নদের তীরে আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করা ও পুরাতন খোয়াই নদ দখলমুক্ত করার ওপর জোর দেন।
বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যক্ষ মো. ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব হারুন অর রশিদ, কমিউনিটি নেতা ওয়াসি চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান ও পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ পাভেল।
সভার শুরুতে বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল একটি ধারণাপত্র মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। এতে বলা হয়, খোয়াই নদ একসময় খরস্রোতা ছিল। উজানে ভারত সরকারের পানি সীমিতকরণ, দেশের প্রভাবশালী মহলের দখল, খনন না হওয়া ইত্যাদি কারণে নদের প্রবাহ দিনে দিনে ক্ষীণ হচ্ছে। অথচ হবিগঞ্জের কৃষি ও বাণিজ্যের বিশাল অংশ এই নদের ওপর নির্ভরশীল।
পুরাতন খোয়াই নদ সম্পর্কে বলা হয়, নদটি শুধু দখলেরই শিকার হয়নি, বিভিন্নভাবে ভরাট ও দূষণেরও শিকার হয়েছে। বিভিন্ন এলাকার ড্রেনগুলোর শেষ ঠিকানা হচ্ছে পুরাতন খোয়াই নদ। পৌর এলাকার বিভিন্ন পাড়ার আবর্জনার গন্তব্যস্থলও এটি। তীরবর্তী এলাকার নির্মাণসামগ্রীর পরিত্যক্ত অংশও এই নদে ফেলা হয়। সব মিলিয়ে নদটি তীরবর্তী জনপদের জন্য কৃত্রিম বন্যা, পানিদূষণসহ অস্বাস্থ্যকর পরিবেশের আকর হিসেবে ধরা দিচ্ছে।
আলোচনায় অংশ নেন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী, সাবেক পৌর কমিশনার হাবিবুর রহমান, সংস্কৃতিকর্মী শেখ ওসমান গণি, আছমা খানম, আইনজীবী শিবলী খায়েল, সৈয়দ জাদিল আহমেদ, আশরাফুল হক, সাংবাদিক শাকিলা ববি, রুমী প্রমুখ।