খোয়াই ভরাট করায় বেলার নোটিশ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদ ভরাট করে বিকল্প সড়ক নির্মাণ করায় হবিগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
জেলা প্রশাসক, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ ও পরিবেশ অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাসহ ১৬ জনের কাছে ওই নোটিশ পাঠানো হয়। প্রথম আলোয় প্রকাশিত একটি সচিত্র প্রতিবেদনের বরাত দিয়ে এবং বেলা সিলেটের নিজস্ব পর্যবেক্ষণ থেকে খোয়াই নদের ওপর সড়ক নির্মাণের কারণে পরিবেশগত ক্ষয়ক্ষতির বিবরণ দেওয়া হয় চিঠিতে।
নোটিশটি ৭ জুন ডাকযোগে পাঠানো হয়েছে বলে বেলা সিলেট অঞ্চলের সমন্বয়ক শাহ শাহেদা আক্তার জানান। নোটিশের পরিপ্রেক্ষিতে গৃহীত পদক্ষেপ পাঁচ দিনের মধ্যে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানকে জানানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।