খোরপোশ দাবি করে বাবার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে মো. আবদুল মালেক ভূঁইয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে ১০ লাখ ৭১ হাজার টাকা খোরপোশ দাবি করে তাঁর মেয়ে (১৮) আদালতে মামলা করেছেন। গত ২২ ফেব্রুয়ারি চাঁদপুরে শাহরাস্তির সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালতে মামলাটি করা হয়।
আবদুল মালেকের বাড়ি শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের গ্রাম খিলা এলাকায়।
আরজি সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে আবদুল মালেকের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তী সময়ে তাঁরা দুজনই অন্যত্র বিয়ে করেন। তাঁদের মেয়ে চিতোষী পূর্ব ইউনিয়নের নরহ গ্রামে তাঁর নানা-নানির কাছে থাকেন। তাঁদের কাছে থেকে আফসানা পড়াশোনা করছেন। আবদুল মালেক তাঁকে কোনো টাকাপয়সা দেন না। গত ১৭ ফেব্রুয়ারি আফসানা তাঁর বাবার কাছে ভরণ-পোষণ বাবদ অর্থ দাবি করেন। টাকা না দেওয়ায় আফসানা আদালতে ১৭ বছর ১০ মাস ১০ দিনের খোরপোষ ১০ লাখ ৭১ হাজার ৬০০ টাকা দাবি করে আদালতে মামলা করেন।
আবদুল মালেক অভিযোগ করেন, ‘২০১৬ সালের নভেম্বরে তাঁর ঘর থেকে তাঁর মেয়ে ২ লাখ ৬৩ টাকা ও ২ ভরি স্বর্ণ চুরি করেছিল। এ ব্যাপারে শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছিলাম। পরে সে পুলিশ সুপারের কাছে আমার বিরুদ্ধে মৌখিকভাবে ভরণ-পোষণ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে। পরে আদালতে গেছে কি না তা আমি জানি না।’
বাদীর আইনজীবী মুহাম্মদ শরীফ মাহমুদ বলেছেন, আদালত আবদুল মালেকের নামে নোটিশ পাঠিয়েছেন। ওই নোটিশের জবাব পাওয়ার পর আদালত শুনানির তারিখ নির্ধারণ করবেন।