খোরপোষের মামলা করায় ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর করা মামলায় আদালতে হাজিরা দিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করেছেন ইব্রাহিম আলী (৪৫)। গতকাল সোমবার সকালে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ভবনের সামনে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতকারী ইব্রাহিমকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ সূত্র জানায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের ইব্রাহিম আলী তাঁর স্ত্রী রুবি বেগমকে (২৫) প্রায় চার মাস আগে মৌখিকভাবে তালাক দেন। রুবির পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। এ ঘটনার পর রুবি জেলার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরে বাবার বাড়িতে আশ্রয় নেন। দেনমোহরের অর্থ ও সন্তানের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে গত সেপ্টেম্বরে রুবি ইব্রাহিমের বিরুদ্ধে সিলেটের পারিবারিক আদালতে একটি মামলা করেন। গতকাল এই মামলার প্রথম শুনানির তারিখ ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টায় মামলার শুনানি শেষে রুবি আদালত থেকে বের হয়ে একটি অটোরিকশায় উঠছিলেন। এ সময় ইব্রাহিম আলী একটি ছুরি নিয়ে রুবির ওপর ঝাঁপিয়ে পড়েন। ইব্রাহিম ছুরি দিয়ে রুবির পেটে আঘাত করে পালানোর সময় জনতা তাঁকে আটক করে পুলিশে খবর দেয়। সিলেট কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিমকে গ্রেপ্তার করে। রুবিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান প্রথম আলোকে জানান, হামলার ঘটনায় রুবির চাচাতো ভাই হাফিজ আলী বাদী হয়ে ইব্রাহিমের বিরুদ্ধে মামলা করেছেন। এই মামলায় ইব্রাহিমকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠনো হয়েছে। হাফিজ আলী জানান, রুবীর বাবা বেঁচে নেই। স্বামী তালাক দেওয়ার পর থেকে তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন। অন্যদিকে ইব্রাহিম নানা ছলচাতুরী করে যাচ্ছিলেন। তাই তাঁরা ইব্রাহিমের বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা করেন।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ইব্রাহিম আলী সৌদি আরব থাকতেন। স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেওয়ার পর সন্তানকে নিজের কাছে নিতে তিনি নানা তৎপরতা শুরু করেন।