ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে খোরশেদ আলম মোল্লা সভাপতি ও নূরে আলম দুলাল সিদ্দিকী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার পৌর শহরের মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন হয়।
বেলা ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভা হয়। বেলা তিনটায় সভার সভাপতি সাহজাহান আলী সরকার আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুদাম সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক হোসেন কুরাইশী, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইমদাদুল হক, কেন্দ্রীয় যুবলীগের সম্পাদক এমরান হোসেন খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু টিটো দত্ত প্রমুখ। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ।
বিকেল সাড়ে চারটায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শুরু হয় সম্মেলনের দ্বিতীয় পর্ব। সভাপতিত্ব করেন সুদাম সরকার। কমিটি গঠন পর্ব পরিচালনা করেন আবদুল মজিদ। শুরুতে পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
উপজেলার ১০ ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা কমিটির ২১৬ জন কাউন্সিলরের ভোটে সভাপতি পদে খোরশেদ ও সম্পাদক পদে নূরে আলম দুলাল সিদ্দিকী নির্বাচিত হন। সন্ধ্যা সাড়ে সাতটায় নির্বাচিত ব্যক্তিদের নাম ঘোষণা করেন সুদাম সরকার।