খোলপেটুয়া নদীর বাঁধ সংস্কার দাবি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল রোববার স্থানীয় একতা যুবসংঘের নেতারা এ স্মারকলিপি দেন।
পদ্মপুকুর ইউনিয়নের সহস্রাধিক মানুষের সই দেওয়া ওই স্মারকলিপিতে বলা হয়, উপকূলীয় অঞ্চলের দুর্যোগের সর্বাধিক ঝুঁকিতে থাকা শ্যামনগরের এ ইউনিয়নের কামালকাটি ও খুঁটিকাটা এলাকায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ খুবই দুর্বল হয়ে পড়েছে। পদ্মপুকুরের প্রায় ৩০ হাজার মানুষ চরম ঝুঁকিতে বসবাস করছে। আইলার পর পদ্মপুকুর ইউনিয়ন রক্ষায় এখনো কোনো স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়নি। এতে সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ড ম্লান হয়ে যাচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য ও খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
স্মারকলিপিতে পদ্মপুকুরবাসীর জীবন ও জনপদ বাঁচাতে অবিলম্বে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। স্মারকলিপি দেওয়ার সময় একতা যুবসংঘের সভাপতি উত্তম কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।