আগুনে পুড়ে গেছে ঘর। হয়েছে সর্বস্বান্ত। তাই খোলা আকাশের নিচে বসে থাকা ছাড়া কিছুই করার ছিল না তাদের। তবু ঠাঁই গড়ার শেষ সম্বলটুকু খুঁজে ফেরে রাজধানীর মহাখালী সাততলা বস্তির বাসিন্দারা।গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেকেই পুড়ে যাওয়া আসবাবের অবশিষ্টাংশ খুঁজে ফিরছিল। কিন্তু কোথায় থাকবে, কী খাবে—কিছুই জানে না তারা। একটি খাটে অসহায় দৃষ্টিতে বসে ছিল এক শিশু। জিজ্ঞেস করতেই বলে ওঠে, ‘এটা আমাদের খাট।’গত রোববার সন্ধ্যা সোয়া সাতটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আগুনে বস্তিবাসীর শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ প্রথম আলোকে বলেন, চুলার আগুন থেকে ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার পরও ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গতকাল ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে খাবার বিতরণ করা হয়। ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, ক্ষতিগ্রস্তদের মধ্যে এক হাজার ২০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানিও সরবরাহ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।