খোলা আকাশের নিচে কয়েক শ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলা প্রশাসন গতকাল শনিবার আশুলিয়ার খেজুরবাগান এলাকায় অভিযান চালিয়ে তিন একরেরও বেশি সরকারি জমিতে অবৈধভাবে গড়ে তোলা কয়েক শ ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে। এতে ঘরহারা হয়ে পড়েছে প্রায় ৩০০ পরিবার।
এ ছাড়া বিপাকে পড়েছেন হাজার খানেক পোশাকশ্রমিক। যাঁরা এসব ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছিলেন।
ভুক্তভোগী লোকজন ও স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, প্রায় ৩০০ কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হলেও জেলা প্রশাসন থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয় মাত্র আটজনকে। আর ওই নোটিশে যাঁদের নাম রয়েছে তাঁদের অনেকের স্থাপনাই গতকাল উচ্ছেদ করা হয়নি। উচ্ছেদের ক্ষেত্রে প্রশাসন স্বজনপ্রীতির আশ্রয় নিয়েছে।
সাভারের আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, আশুলিয়ার বড় আশুলিয়া মৌজায় ১১৬৫, ১১৬৭, ১১৬৮, ১১৭০, ১১৭২, ১১৭৭, ১১৭৮, ১১৭৯, ১১৮০ ও ১১৮২ নম্বর দাগে তিন দশমিক ১২ একর সরকারি সম্পত্তি রয়েছে। কসমোপলিটন ও সিআইপেল নামের দুটি প্রতিষ্ঠানসহ চারাবাগ এলাকার ফজল মোল্লা, কহিনূর বেগম, দেলোয়ার হোসেন, মো. জহিরুল ইসলাম ও মো. সেলিম মোল্লা (মোট আটজন দখলদার) এই জমি দখল করে রেখেছিলেন। অবৈধ দখলদারেরা এসব জমিতে কয়েক শ পাকা, আধাপাকা ও কাঁচা স্থাপনা নির্মাণ করে তা নিজেরা ভোগদখল করছিলেন এবং ভাড়া দিয়েছিলেন। সম্প্রতি জেলা প্রশাসন থেকে এসব দখলদারের তালিকা তৈরি করে তাঁদের উচ্ছেদ নোটিশ পাঠানো হয়। নোটিশে কাজ না হওয়ায় গতকাল উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় সব স্থাপনাই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহাদ পারভেজ বসুনীয়া।
আটজনকে উচ্ছেদ নোটিশ দেওয়া হলেও সরেজমিনে অবৈধ দখলদার পাওয়া যায় প্রায় ৩০০ জন। এসব দখলদারের প্রায় সব স্থাপনাই গতকাল গুঁড়িয়ে দেওয়া হয়। কিন্তু নোটিশ দেওয়ার পরও উচ্ছেদ করা হয়নি ফজল ও সেলিম মোল্লার বাড়ি। কসমোপলিটন ও সিআইপেল নামের দুটি প্রতিষ্ঠানেরও ভাঙা হয়েছে আংশিক।
ফজল ও সেলিমের প্রতিবেশী নূরুল আশরাফ বলেন, ‘৭০ বছরেরও বেশি সময় ধরে সরকারি জমির ওপর ঘরবাড়ি তৈরি করে বসবাস করছি। ৯ শতাংশ জমির ওপর তাঁর আধাপাকা তিনটি ঘর ছিল। বুলডোজার দিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেলিমের দ্বিতল ভবন ও ফজলের একতলা বাড়ি অক্ষত রয়েছে। প্রভাবশালীদের অনেক স্থাপনাই উচ্ছেদ করা হয়নি।
উচ্ছেদ অভিযানের পর বৃদ্ধা জহুরা বেগম তাঁর বাসস্থানের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে বিলাপ করে বলছিলেন, এলাকার ক্ষমতাধর শাহাবুদ্দিনসহ স্থানীয় প্রভাবশালীদের স্বার্থেই ১০০ বছরের বসতভিটা থেকে তাঁদের উচ্ছেদ করে দিয়েছে জেলা প্রশাসন।
কসমোপলিটন গ্রুপের একজন কর্মকর্তা বলেন, তাঁদের প্রতিষ্ঠান ক্রয়সূত্রে বড় আশুলিয়া মৌজার ১৬৮ নম্বর দাগের বেশ কিছু জমির মালিক। এর পরও ওই জমিতে গতকাল উচ্ছেদ অভিযান চালানো হয়।
অবৈধ দখলদার দেলোয়ার হোসেন অভিযোগ করেন, রাজধানীর সরকারদলীয় এক সাংসদসহ স্থানীয় কতিপয় প্রভাবশালী ওই জমি দখল করার জন্য জেলা প্রশাসনের মাধ্যমে এখানকার অধিকাংশ বাসিন্দাকে উচ্ছেদ করা হয়েছে।
মো. ফাহাদ পারভেজ বসুনীয়া জানান, জেলা প্রশাসনের নির্দেশে গতকাল উচ্ছেদ অভিযান চালানো হয়। গতকালের অভিযানে কোনো অবৈধ স্থাপনা বাদ পড়লে পরে তা উচ্ছেদ করা হবে। স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই।
উচ্ছেদ করা স্থাপনার সংখ্যা ও নোটিশে মাত্র আটজনের নাম থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কর্মস্থলে যোগদানের আগেই উচ্ছেদসংক্রান্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ বিষয়ে স্পষ্ট করে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়।’