খোলা আকাশের নিচে কাটে বিরতির সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমনরুম সংকটের কারণে শিক্ষার্থীরা মাঠসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বসে পড়াশোনা করেন ও সময় কাটান l সাইয়ান
কমনরুম সংকটের কারণে শিক্ষার্থীরা মাঠসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বসে পড়াশোনা করেন ও সময় কাটান l সাইয়ান

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে কমনরুম সংকটের কারণে পাঠদানের বিরতির সময় ছাত্রীদের কলেজ মাঠে খোলা আকাশের নিচে ঘণ্টার পর ঘণ্টা বসে কাটাতে হয়।
শিক্ষার্থীরা জানান, কলেজে ছাত্রীদের জন্য একটি মাত্র কমনরুম থাকলেও সেটি অপরিসর। এতে গাদাগাদি করে ৩০-৩৫ জনের বেশি শিক্ষার্থী বসতে পারেন না। এখানে বিনোদনেরও কোনো ব্যবস্থা নেই। তাই শিক্ষার্থীরা বাইরে খোলা আকাশের নিচে বসে সময় পার করেন। রয়েছে তিনটি বড় টেবিল ও ২৫-৩০টি চেয়ার। দুটি শৌচাগার থাকলেও তা অপরিচ্ছন্ন। এর সামনে সব সময় লম্বা লাইন থাকে।
কলেজ প্রশাসন সূত্র জানায়, ১৮৮৯ সালে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। এই কলেজে বর্তমানে স্নাতক (সম্মান) শ্রেণিতে ২২টি এবং স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণিতে ১৯টি বিষয় ছাড়াও একাদশ শ্রেণি মিলিয়ে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এর মধ্যে প্রায় অর্ধেকই ছাত্রী। প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় হাজার ছাত্রী কলেজে উপস্থিত থাকেন।
শিক্ষার্থীরা জানান, তাঁদের দিনে পাঁচ থেকে ছয় ঘণ্টা ক্যাম্পাসে থাকতে হয়। আর একটি ক্লাস শেষে আরেকটি ক্লাসের জন্য দেড়-দুই ঘণ্টা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই সময়টা কলেজের মাঠে খোলা আকাশের নিচে বসে অপেক্ষা করতে হয়। এটা খুবই অসহ্য ব্যাপার। বাধ্য হয়ে এমন অসহ্য সময় প্রতিদিনই কাটাতে হচ্ছে।
আবার ঝালকাঠি, গৌরনদী, উজিরপুর, বানারীপাড়া, বাকেরগঞ্জ থেকে এখানে অনেক শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করেন। তাঁদের বাড়ি ফেরার সময় প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা খোলা আকাশের নিচে বসে বাসের জন্য অপেক্ষা করতে হয়। ঝালকাঠি থেকে ২২ কিলোমিটার পথ পার হয়ে এখানে আসেন অনেক শিক্ষার্থী। যাঁরা প্রতিদিন এমন ভোগান্তি পোহান। তাঁদের মধ্যে শারমিন আক্তার নামে এক শিক্ষার্থী জানান, ক্লাস শেষে বাড়ি ফেরার জন্য কলেজের বাস ধরতে কোনো কোনো দিন বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই সময়টা খুবই দুর্বিষহ অবস্থায় কাটাতে হয় তাঁদের।
রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, কমনরুম না থাকায় ক্লাস বিরতির সময় মাঠে বসে থাকতে হয়। এ ছাড়া বিভাগে ছেলেদের জন্য দুটি শৌচাগার থাকলেও মেয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা কোনো শৌচাগার নেই। কমনরুমে দুটি শৌচাগার থাকলেও তা অপরিচ্ছন্ন এবং লম্বা লাইন থাকে সব সময়। কলেজের অধ্যক্ষ স ম ইনাম উল হাকিম বলেন, ‘ছাত্রীদের কমনরুম সংকটের বিষয়টি আমাদের মাথায় আছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এর পরিধি বাড়ানোর চেষ্টা করছি। এখন যে কমনরুমটি আছে, সেখানে শিগগিরই আরও সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।’