খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মুলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুরসহ আশপাশের কয়েকটি গ্রামে গত বুধবারের টর্নেডোর আঘাতে বিধ্বস্ত পরিবারগুলোর লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার বেলা ১১টায় আকাশ অন্ধকার করে কালো ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। মাত্র তিন মিনিটের ব্যবধানে ধোঁয়ার কুণ্ডলীটি কসবা উপজেলার নেয়ামতপুর ও নবীনগর উপজেলার কোনাউর গ্রামের ওপর দিয়ে বয়ে যায়। এতে সাত-আট শ বাড়িঘর বিধ্বস্ত এবং তিন শতাধিক লোক আহত হন।কসবা উপজেলা প্রশাসনের হিসাব অনুযায়ী ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ৪০০। বিধ্বস্ত ১৫৮টি পরিবারকে বুধবার মাত্র ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মধ্যে গত বৃহস্পতিবার বিকেলে সরকারিভাবে প্রতিটি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়। আহত তিন শতাধিক মানুষের মধ্যে গুরুতর আহত প্রতিজনকে তিন হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও গতকাল শুক্রবার পর্যন্ত তা দেওয়া হয়নি।কসবার ইউএনও জালাল সাইফুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারকে ৮০ বান্ডিল ঢেউটিন দেওয়া হয়েছে। আরও ২০ বান্ডিল টিন বরাদ্দ পাওয়া গেছে। ১৫৮টি পরিবারের প্রত্যেকটিকে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের প্রত্যেককে দেওয়া হবে তিন হাজার টাকা।নবীনগর প্রতিনিধি জানান, উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়নের কোনাউর গ্রামে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মধ্যে গতকাল সরকারিভাবে ৮০ বান্ডিল (প্রতি পরিবারে দুই বান্ডিল করে) ঢেউটিন বিতরণ করা হয়েছে।