রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে নাশকতামূলকভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে— সন্দেহে গতকাল শুক্রবার দুজনকে আটক করেছে পুলিশ। বাঁশবাড়ি বস্তিতে গত বুধবার রাতে অগ্নিকাণ্ডে ১৭৫টি বসতঘর ও ১১টি দোকান পুড়ে যায়।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভুঁইয়া মাহাবুব হাসান প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে শুক্রবার দুপুরে রাজু (১৯) ও খোরশেদ আলম (৩০) নামে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তবে তাঁদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।বুধবার রাতে বস্তিতে আগুন লাগার পর থেকেই বস্তিবাসীরা নাশকতার অভিযোগ করে আসছিল। তবে দমকলের প্রতিবেদনে খোলাবাতি থেকে আগুনের সূত্রপাত বলে উল্লেখ করা হয়েছে। বস্তিবাসীর অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী ভূমিদস্যু বস্তির জমি দখলের পাঁয়তারা করে আসছিলেন দীর্ঘদিন থেকেই। এ ছাড়া স্থানীয় কিছু মাদক ব্যবসায়ীও প্রকাশ্যে বস্তি উচ্ছেদের হুমকি দেন বলে তাঁদের অভিযোগ।এ বিষয়ে দমকল বাহিনীর পরিচালক (পরিচালন) মেজর শেখ মো. শাহজালাল প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমাদের কিছু জানায়নি। তারা যদি তদন্তে নাশকতার কোনো সূত্র পেয়ে থাকে, তবে তারা তদন্ত করতে পারে।’ বস্তিবাসীরা জানিয়েছেন, আগুন লাগার পর থেকে তাঁদের দিন কাটছে নিদারুণ কষ্টে। স্থানীয় জনপ্রতিনিধি ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন বস্তিবাসীদের খাবার বিতরণ করলেও তাঁদের বাসস্থানের কোনো বন্দোবস্ত হয়নি এখনো। ইতিমধ্যে কেউ অন্যত্র চলে গেছেন। কেউ ঘর নির্মাণের সরকারি সাহায্যের অপেক্ষায় রয়েছেন। বাঁশবাড়ি বস্তির বাসিন্দা নাহার গতকাল শুক্রবার দুপুরে দেড় বছরের শিশুপুত্রকে কোলে আর চার বছরের মেয়েটির হাত ধরে খাবারের প্রতীক্ষায় দাঁড়িয়েছিলেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আগুন তো বস্তিতে লাগে নাই, লাগছে আমার কপালে। পোলাপাইনডির বাফে থাহে বেড়িবাঁধত, আমারে দেহে না। এহন এডিরে রাইখা যে কামে যামু, তাও পারি না।’