খোলা আকাশের নিচে কয়েক লাখ বস্তা সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদের তীরে খোলা আকাশের নিচে কয়েক লাখ বস্তা ইউরিয়াসহ বিভিন্ন ধরনের সার মজুদ রাখা হয়েছে। গুদামে জায়গা না থাকায় দুই মাস ধরে বস্তাগুলো এভাবে ফেলে রাখা হয়েছে। এভাবে বেশি দিন খোলা আকাশের নিচে রাখলে সারের গুণগত মান নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, ভৈরব নদের তীরে রাজঘাট থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় কয়েক লাখ বস্তা সার স্তূপ করে রাখা হয়েছে। কোথাও কোথাও বস্তাগুলো বড় পলিথিন দিয়ে ঢাকা থাকলেও অনেক স্তূপ খোলা অবস্থায় ফেলে রাখা হয়েছে। আরও প্রায় ৫২টি সারবোঝাই বার্জ ও কার্গো ভৈরব নদে সার খালাসের অপেক্ষায় আছে।স্থানীয় সূত্রে জানা গেছে, নওয়াপাড়া ফেরিঘাটসংলগ্ন এলাকা, পীরবাড়িঘাট, অভয়নগর থানা ভবনসংলগ্ন এবং মহাকাল এলাকায় তিন মাস ধরে কয়েক হাজার সারের বস্তা ফেলে রাখা হয়েছে।অভয়নগর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিতোষ কুমার দাস জানান, মাটির সংস্পর্শে রাখলে সারের গুণগত মান নষ্ট হয়। সূর্যের আলো, কুয়াশা, শিশির ও বৃষ্টি বস্তার গায়ে লাগলেও সারের গুণগত মান নষ্ট হয়। তবে মাটিতে পলিথিন বিছিয়ে এবং পলিথিন দিয়ে সারের বস্তার স্তূপ ঢেকে রাখলে গুণগত মান নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে।খোঁজ নিয়ে জানা গেছে, নওয়াপাড়ার বেসরকারি ৩২ জন আমদানিকারক এবার চীন, তিউনিসিয়া, মরক্কো এবং সিআইএস (কমনওয়েলথভুক্ত স্বাধীন দেশ) থেকে কয়েক লাখ টন টিএসপি, এমওপি ও ডিএপি সার আমদানি করেছে। এসব সারের সিংহভাগ নওয়াপাড়ায় আনা হয়েছে। নওয়াপাড়া থেকে সড়ক ও নৌ-পথে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের জেলাগুলোতে এসব সার সরবরাহ করা হয়। পাশাপাশি সরকারি পর্যায়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা (বিএডিসি) এবং বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) বিদেশ থেকে ইউরিয়াসহ বিভিন্ন ধরনের সার আমদানি করে এবং দেশের বিভিন্ন সার কারখানা থেকে ইউরিয়া সার নওয়াপাড়ায় এনে সংশ্লিষ্ট জেলাগুলোর বাফার গুদামে সরবরাহ করে। আমদানি করা অতিরিক্ত সার এবং পরিবহনের অপেক্ষায় রাখা এসব সার ভৈরব নদের তীরে খোলা আকাশের নিচে মজুদ করে রাখা হচ্ছে।বিসিআইসির ঢাকা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বিক্রয়) ইকবাল আমিন বলেন, ‘আমাদের যে সার নামছে, তা আমরা অতিদ্রুত পরিবহন ঠিকাদারের মাধ্যমে বাফার গুদামে পৌঁছে দিচ্ছি। আমাদের একটি কার্গোর তলা ফেটে কিছু ইউরিয়া ভিজে গিয়েছিল। আমরা ওই সার শুকাতে কয়েক দিনের জন্য মজুদ করেছিলাম।’বিএডিসি যশোর কার্যালয়ের সহকারী পরিচালক (সার) ফাহাদ আল মামুন বলেন, ‘নওয়াপাড়ায় নামানো সারের বেশির ভাগ আমরা বাফার গুদামে পৌঁছে দিয়েছি। আর অল্প কিছু সারের বস্তা পরিবহনের অপেক্ষায় রয়েছে।’ তিনি বলেন, ‘সার নামানোর পর আমরা দু-তিন দিনের বেশি মজুদ করছি না।’বেসরকারি সার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ভূঁইয়া ব্রাদার্সের ব্যবস্থাপক বিভূতি ভূষণ নাথ বলেন, ‘আমাদের মাত্র ১০ মেট্রিক টন এমওপি সারের বস্তা পলিথিন দিয়ে ভালো করে ঢেকে স্তূপ করে রাখা আছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের গুদামগুলোতে এত দিন গমের বস্তা ছিল । এ জন্য সারের বস্তাগুলো খোলা আকাশের নিচে রাখতে হয়েছে। গম বিক্রি হয়ে যাওয়ায় এখন গুদামগুলো খালি। এখন আর কোনো সমস্যা নেই।’