খোলা আকাশের নিচে গৃহহীন পরিবারগুলো
শেরপুরের চারটি উপজেলার ওপর দিয়ে গত সোমবার বিকেলে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে গৃহহীন পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ঝড়ের ২৪ ঘণ্টা পরও কোনো সরকারি সহায়তা পৌঁছায়নি। গতকাল মঙ্গলবার বিকেলে শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের ঝড়ে ক্ষতিগ্রস্ত কাজিরচর, মাদারপুর, রূপারপাড়া ও লঙ্গরপাড়া গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছ থেকে এমন তথ্য জানা গেছে।বিকেল তিনটায় শ্রীবরদীর পশ্চিম রূপারপাড়া গ্রামে গেলে মঞ্জুরুল হকের স্ত্রী ময়না খাতুন (৫০) বলেন, ‘তুফানে ঘরবাড়ি সব পইড়া গেছে। কাইল রাইত থাইক্যা খোলা আকাশের নিচে রইছি। ঘরে কোনো খাওন-দাওন নাই। ঘর ঠিক করণের মতন কোনো ট্যাহা পয়সাও নাই। মেম্বার আইছিল, নাম লেইখ্যা নিয়া গ্যাছে। অহন পর্যন্ত কোনো সাহায্য পাই নাই।’এ সময় পশ্চিম রূপারপাড়া গ্রামের মো. ফরহাদ আলীর স্ত্রী মঞ্জুয়ারা খাতুন (২০) বলেন, ঝড়ে তাঁদের বাড়ির ছয়টি ঘরই উড়িয়ে নিয়ে গেছে। থাকার মতো কোনো ব্যবস্থা নেই। সোমবার সারা রাত খোলা আকাশের নিচে কাটিয়েছেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত তাঁদের রান্নার চুলা জ্বলেনি।লঙ্গরপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী আয়েশা খাতুন (৩০) বলেন, ঝড়ে তাঁদের থাকার একমাত্র ঘরটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। তাঁর স্বামী ঢাকায় রিকশা চালান। ঝড়ের খবর পেয়ে স্বামী ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। ঝড়ের পর থেকে চার ছেলেমেয়ে নিয়ে তিনি (আয়েশা) না খেয়ে রয়েছেন। খড়িয়াকাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ ডি এম শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঝড়ে তাঁর ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় এক হাজার কাঁচা-আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো সরকারি সাহায্য পাওয়া যায়নি।গত সোমবার বয়ে যাওয়া মৌসুমের প্রথম কালবৈশাখীর প্রবল ঝড়ে শেরপুর জেলার সদর, শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার প্রায় তিন হাজার ঘরবাড়ি ও বিপুলসংখ্যক গাছপালা বিধ্বস্ত হয়েছে।