খোলা আকাশের নিচে চলছে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় আড়াই বছর ধরে কক্সবাজারের মহেশখালী উপজেলার লাল মোহামঞ্চদ সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর পাঠদান চলছে খোলা আকাশের নিচে। বৃষ্টি হলেই ওই শ্রেণীর পাঠদান বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া অন্যান্য শ্রেণীতে ৬০ জন ধারণক্ষমতার একটি কক্ষে ১৬০ জন করে ক্লাস করতে হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭০ সালে তিনটি কক্ষের টিনের ছাদের একটি ভবন দিয়ে বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। পরে একতলাবিশিষ্ট আরও দুটি ভবন নির্মাণ করা হয়। দুর্ঘটনা এড়াতে বিদ্যালয় কর্তৃপক্ষ ২০১১ সালের মার্চ মাসে টিনের ছাদের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলে দ্বিতীয় ও প্রথম শেণীর ক শাখা এবং শিশু শ্রেণীর শিক্ষার্থীদের সেখানে পাঠদান বন্ধ হয়ে যায়। এর পর থেকে শিশু শ্রেণীর শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে এবং অন্য সব শ্রেণীর শিক্ষার্থীদের গাদাগাদি করে ওই দুটি ভবনে পাঠদান করানো হচ্ছে।
সহকারী শিক্ষিকা মিশকাত জাহান পারভিন বলেন, বিদ্যালয়ের শিশু শ্রেণীতে প্রায় ১৫০ জন শিক্ষার্থী রয়েছে। বৃষ্টি হলেই পাঠদান বন্ধ হয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহামঞ্চদ সাঈদ আল করিম বলেন, শ্রেণীকক্ষের সংকট নিরসনের জন্য পরিত্যক্ত একটি ভবন ভেঙে সেখানে ৩৭ লাখ টাকা ব্যয়ে ২০১২ সালের আগস্টে নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়। কিন্তু ঠিকাদারের চরম গাফিলাতির কারণে এক বছরেও ভবনের নির্মাণকাজ শেষ হয়নি।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শওকত হোসেন বলেন, নতুন ভবনের নির্মাণকাজ এক মাস ধরে বন্ধ রয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে অভিযোগ করেও কোনো কাজ হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ফরিদুল আলম বলেন, বৃষ্টির কারণে কাজ বন্ধ রয়েছে। আগামী মাসের মধ্যে ভবনের কাজ শেষ করে তা বিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে।
ওই কাজের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. জাহিদ হোসেন বলেন, ভবনটির নির্মাণকাজ গত জুন মাসে শেষ করার কথা ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে ঠিকাদার ভবনের নির্মাণকাজ শেষ করতে না পারায় কর্তৃপক্ষ অক্টোবর মাস পর্যন্ত সময় বাড়িয়েছে। অক্টোবরের মধ্যে ভবনের নির্মাণকাজ শেষ করতে না পারলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।