খোলা আকাশের নিচে চলছে পাঠদান
কক্ষসংকটের কারণে পাবনার বেড়া উপজেলার দক্ষিণ চরপেঁচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি শ্রেণীর শিক্ষার্থীরা মাঠে খোলা আকাশের নিচে ক্লাস করছে। এভাবে ক্লাস করতে গিয়ে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে বৃষ্টি শুরু হলে বাধ্য হয়ে তাদের ছুটি দিয়ে দিতে হয়। এতে তাদের পাঠদান ব্যাহত হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে দক্ষিণ চরপেঁচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। ২০১০ সালের শেষ দিকে যমুনার ভাঙনে বিদ্যালয়ের স্থানটি নদীতে বিলীন হয়ে যায়। ২০১১ সালে দক্ষিণ চরপেঁচাকোলা গ্রামে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য মাত্র এক লাখ টাকায় ৪৭ ফুট লম্বা একটি টিনের ঘর নির্মাণ করা হয়। কিন্তু বরাদ্দ না থাকায় এখনো ওই ঘরের দরজা-জানালা নির্মাণ করা যায়নি। এখানে তিনটি কক্ষে পাঠদান করা হয় এবং একটি কক্ষ কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়।শিক্ষকেরা জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩৫০ জনের বেশি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ছোট আকারের কক্ষগুলোতে ঠাসাঠাসি করে বসিয়ে কোনো রকমে ক্লাস নেওয়া হয়। তবে শিশু, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্লাস এসব কক্ষে নেওয়া সম্ভব হয় না। বাধ্য হয়ে এই তিনটি শ্রেণীর ক্লাস বিদ্যালয়ের খোলা মাঠে নেওয়া হয়। সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের তিনটি কক্ষে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কিছু শিক্ষার্থী ঠাসাঠাসি করে বসার সুযোগ পেয়েছে। বসার সুযোগ না পেয়ে অনেক শিক্ষার্থী দরজা-জানালার পাশে দাঁড়িয়ে আছে। ওই অবস্থায় ক্লাস তিনটি সামাল দিচ্ছেন বিদ্যালয়ের দুজন শিক্ষক।বিদ্যালয়ের সামনের মাঠে খোলা আকাশের নিচে বই-খাতা নিয়ে ৬০-৭০ জন শিশু ভেজা মাটির ওপর (বৃষ্টি হওয়ায় মাটি ভেজা) বসে ক্লাস করছে। তাদের পাঠ দিচ্ছেন অপর এক শিক্ষক। কাছে গিয়ে জানা যায়, এসব শিশু প্রথম শ্রেণীর শিক্ষার্থী। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইব্রাহিম হোসেন জানান, বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, বিদ্যালয়টিতে দ্রুত বড় পরিসরের স্কুলঘর অথবা ভবন নির্মাণ করা দরকার। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।