খোলা আকাশের নিচে তিন বেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মেধাবী ছাত্র তাঁরা। তিনবেলা খাবার খেতে হয় খোলা আকাশের নিচে বসে। ক্যানটিন–সংকটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ পোহাচ্ছেন l ছবি: প্রথম আলো
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মেধাবী ছাত্র তাঁরা। তিনবেলা খাবার খেতে হয় খোলা আকাশের নিচে বসে। ক্যানটিন–সংকটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ পোহাচ্ছেন l ছবি: প্রথম আলো

মাথার ওপর কাক উড়ছে। কয়েকটি বিড়াল এদিক-সেদিক ছোটাছুটি করছে। খাবারের ঢাকনাগুলোতে ময়লা পড়ে কালো হয়ে আছে। মাছি বসছে, উড়ছে। এর মধ্যেই প্লেট হাতে খাবারের জন্য দাঁড়িয়ে আছেন ছেলেরা। খাবার নিয়ে এরপর তাঁরা কেউ বসছেন সামনের বেঞ্চিতে, কেউবা সিঁড়িতে। কেউ আবার জায়গা না পেয়ে দাঁড়িয়েই খাচ্ছেন।
এটি কোনো উদ্বাস্তু শিবিরের দৃশ্য নয়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের দোকানগুলোর প্রাত্যহিক চিত্র এটি। হলের ভেতরে একটি ক্যানটিন রয়েছে, বাইরে একটি ক্যাফেটেরিয়া। কিন্তু এতেও স্থান সংকুলান হয় না। তিন বছরের বেশি সময় ধরে ‘লাদেন গুহা’ নামের হলের মেসটি বন্ধ থাকায় দোকানগুলোতেও চাপ বেড়েছে।
হলের শিক্ষার্থীরা জানান, ২০১২ সালের ১১ মে রাতে ক্যানটিনে পচা ও বাসি কাঁচা পণ্য ধরা পড়লে শিক্ষার্থীরা লাদেন গুহা নামের মেসটি ভাঙচুর করেন। এরপর সংস্কারের কথা বলে সেটি বন্ধ করা হয়। এরপর কেটেছে তিন বছর। হলে নতুন প্রাধ্যক্ষ এসেছেন। কিন্তু সেই মেস আর সংস্কার হয়নি। নতুন করে কাউকে বরাদ্দও দেওয়া হয়নি। ফলে হলের ক্যানটিনের কর্মচারীরা সেখানেই থাকেন।

হলের প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল মোতালেব প্রথম আলোকে বলেন, মেসটির অবস্থা খারাপ। এটি সংস্কার না করে নতুন করে কাউকে পরিচালনা করতে দেওয়া ঠিক হবে না। মেসটি বন্ধ বলে শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করে বাইরের দোকানে খাবার বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। সেখানে টাইলস করে পানির ব্যবস্থা করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে হলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা লাইন ধরে খাচ্ছেন। কাছেই কলা ভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ হওয়ায় অনেক ছাত্র এখানে খেতে এসেছেন। তবে পরিবেশ খুবই নোংরা। একদিকে শিক্ষার্থীরা খাচ্ছেন, আবার উচ্ছিষ্ট ফেলছেন। মাংসের হাড় আর মাছের কাঁটার লোভে বিড়ালও আসছে। আবার এগুলো পরিষ্কার করার আগেই নতুন করে ছাত্ররা খেতে আসছেন। শিক্ষার্থীদের অভিযোগ, সেখানে নিয়মিত পানি পাওয়া যায় না।

মার্কেটিং বিভাগের ছাত্র আহসানুল করিম বলেন, এখানকার খাবারের স্বাদ ক্যানটিনের তুলনায় ভালো। কিন্তু উন্মুক্ত পরিবেশে খাওয়ার কারণে খুব অস্বস্তি লাগে। আর যেখানে সেখানে ময়লা ফেলার কারণে জায়গাটা সব সময় নোংরা থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, কিছুদিন আগে এখানে ত্রিপলের ছাউনি ছিল। কিন্তু তিন-চার মাস আগে বৃষ্টির সময় পাশের মিলনায়তনের ছাদের একটি অংশ ভেঙে পড়ায় সেটি আর রাখা যায়নি। ফলে নোংরা হয়ে থাকে।

জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘লাদেন গুহা’র বিকল্প হিসেবে সামনে আরেকটি ক্যানটিনে দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে, যেটা আগে ছিল না। এ ছাড়া ছাত্রদের নিজস্ব পরিচালনায় একটি মেসে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো হয়েছে। তবে লাদেন গুহা খোলার পক্ষেও মত দিয়েছেন অনেকে।

মাকসুদ কামালের দাবি, অনেক ছাত্রই স্বাদ বদল করার জন্য দোকানগুলোতে খেতে চায়। তাই সেখানে ৬৫ হাজার টাকা খরচ করে পানির পাইপ ঠিক করা হয়েছে। তবে কর্মচারীদের দায়িত্ব বদলের সময়টাতে পানির একটু সংকট হয়। একাধিকবার এ কারণে কয়েকজনকে শাস্তির আওতায়ও আনা হয়েছে। আর ময়লা ফেলার জন্য ঝুড়ি দেওয়া হয়েছে। কিন্তু সেটা যদি ছাত্ররা ব্যবহার না করেন, তাহলে সমস্যা। তবে চলতি সপ্তাহ থেকেই হলের সংস্কারকাজ শুরু হবে। সেখানে ক্যানটিন সংস্কারের কথাও রয়েছে।