খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে মামলার আলামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়া থানায় দায়ের হওয়া বিভিন্ন মামলার আলামত রাখা হয়েছে খোলা আকাশের নিচে। রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে এসব আলামত নষ্ট হয়ে যাচ্ছে। অথচ এসব আলামতই মামলার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আদালতে উপস্থাপিত হয়ে থাকে।পুলিশের একাধিক কর্মকর্তা জানান, হত্যা, আত্মহত্যা, দুর্ঘটনা, মারামারিসহ বিভিন্ন মামলার অভিযোগের সত্যতা প্রমাণের অংশ হিসেবে পুলিশকে বিভিন্ন ধরনের আলামত সংরক্ষণ করতে হয়। আদালতে মামলার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে এসব আলামত অনেক জরুরি। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর বিচারের জন্য এসব আলামত আদালতে পাঠানো হয়। অথচ এসব আলামত রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। আশুলিয়া থানায় ঢুকতেই মূল ভবনের সামনের সীমানাপ্রাচীরে ঝুলতে দেখা যায় মুখ বাঁধা ছোট ছোট কয়েক শ ব্যাগ। যাতে ঘটনার সময় ব্যবহূত রক্তমাখা কাপড়সহ বিভিন্ন ধরনের জব্দ ও উদ্ধার করা মালামাল রয়েছে। এ ছাড়া থানার আশপাশে মামলার আলামত হিসেবে রাখা হয়েছে বেশ কিছু যানবাহন। দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব যানবাহনের গুরুত্বপূর্ণ কোনো যন্ত্রাংশই আর নেই। অথচ যে মামলার আলামত হিসেবে যানবাহনগুলো জব্দ বা আটক করা হয়েছিল, ওই সব মামলা এখনো শেষ হয়নি। রেজিস্ট্রেশন নম্বর উঠে যাওয়ায় কোন মামলায় আটক করা হয়েছিল, তা নিশ্চিত করা না গেলেও যানবাহনগুলো যে মামলার আলামত হিসেবে আটক রাখা হয়েছে, তা নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম।আশুলিয়ার ডেন্ডাবর এলাকার বাসিন্দা মোজাফফর হোসেন বলেন, ২০০৫ সালে আশুলিয়া থানার যাত্রা শুরু হওয়ার পর থেকেই মামলার আলামতগুলো উন্মুক্ত আকাশের নিচে পড়ে থাকতে দেখেছেন তিনি। থানার সামনে ও আশপাশে আলামত হিসেবে আটক যানবাহন চুরির ঘটনাও ঘটছে।আশুলিয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর বিচারের জন্য আদালতে আলামত পাঠানো হয়। সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগ পর্যন্ত আলামতগুলো থানার পুলিশের হেফাজতেই থাকে। এ কারণে মামলার আলামতগুলো সযত্নে রাখা প্রয়োজন। কিন্তু আশুলিয়া থানায় কোনো মালখানা না থাকায় আলামতগুলো বাইরে রাখতে হচ্ছে।