খোলা আকাশের নিচে পাঠদান

বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। গত মাসে হওয়া ভূমিকম্পে ভবনটির এই করুণ দশা হয়েছে। এতে শ্রেণিকক্ষ ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে গাছতলায় ও খোলা আকাশের নিচে।
বিদ্যালয়টি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। নাম মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ২৪০ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক আছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১২ মে বেলা ১টা ১০ মিনিটের দিকে কুড়িগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। এ সময় বিদ্যালয় ভবনের ছাদের পলেস্তারা খসে ধসে পড়ে এবং বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়।
সহকারী শিক্ষক নুরুন্নেছা সিদ্দিকা বলেন, ‘হঠাৎ করেই ভূমিকম্প অনুভূত হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমি কক্ষের বাইরে চলে যাই। ঘটনা জানাজানি হলে বেলা তিনটায় উপজেলা প্রকৌশলী নাজমূল হক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রকৌশলী ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। আলাদা কোনো ভবন না থাকায় খোলা আকাশের নিচে চালাতে হচ্ছে পাঠদান কার্যক্রম।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছাইদ জানান, ১৯৯৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ওই সালেই বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণ করে।
গত ২৩ মে বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান করছেন চার শিক্ষক। বসার আসন না থাকায় অনেক শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ভবনের বিভিন্ন কক্ষের মেঝেতে বড় বড় ইটের টুকরা পড়ে আছে। এগুলো ছাদ থেকে ধসে পড়েছে। ছাদের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘বিদ্যালয়টি পরিদর্শন করেছি। বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত এভাবে ক্লাস চালাতে হবে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছাইদ জানান, বিষয়টি তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন।
উপজেলা প্রকৌশলী নাজমূল হক জানান, বিদ্যালয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত পাঠদান কার্যক্রম চালাতে বলা হয়েছে।