
বিদ্যালয়ের সামনের বড় আঙিনায় তিন সারিতে চলছিল তিনটি শ্রেণির পাঠদান। ১২০ জন শিক্ষার্থীকে পাঠদান করছিলেন তিনজন শিক্ষক। কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমের অস্বস্তি তো আছেই, এর ওপর একসঙ্গে তিন শ্রেণির পাঠদান চলায় শিক্ষক-শিক্ষার্থী কেউ কারও কথা ঠিকভাবে শুনতে পারছিল না।
গতকাল শনিবার সকালে ফটিকছড়ি সদর থেকে ৫০ কিলোমিটার দূরে বাগানবাজার রসুলপুর উচ্চবিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা গেল। ১২ আগস্ট সকালে প্রবল বর্ষণে বিদ্যালয়ের তিনটি ভবনের একটির দেয়াল ধসে যায়। এ সময় আহত হয় চারজন শিক্ষার্থী।
এরপর থেকেই চলছে খোলা আকাশের নিচে পাঠদান। বিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থীকেই এখন শ্রেণিকক্ষের বাইরে আঙিনায় বসে ক্লাস করতে হচ্ছে। বৃষ্টি এলে পাঠদান বন্ধ করে ছুটি দিতে বাধ্য হন শিক্ষকেরা।
বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি একাডেমিক স্বীকৃতি পায় ২০০৬ সালে। প্রতিষ্ঠার পর থেকে টিনের ছাউনি দেওয়া মাটির ঘরেই চলছিল পাঠদানের কার্যক্রম। বিদ্যালয়ের তিনটি ভবনে রয়েছে পাঁচটি কক্ষ। তিন কক্ষের ভবনটি ১২ আগস্ট বিধ্বস্ত হয়। বাকি দুটি ভবনের একটিতে পাঠদান চলে এবং অন্যটি শিক্ষক মিলনায়তন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মালেক বলেন, অতিবর্ষণে বিদ্যালয়ের মাটির ভবনটি ধসে পড়ে। এরপর থেকে বাধ্য হয়ে খোলা আকাশের নিচেই পাঠদান করতে হচ্ছে। বিদ্যালয়ে ৫৪০ জন শিক্ষার্থীর মধ্যে বেশির ভাগই আসেনি ভবন বিধ্বস্ত হওয়ায়। তহবিলের অভাবে ধসে যাওয়া ভবন সংস্কার করা যাচ্ছে না।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ভবন বিধ্বস্ত হওয়ার পর থেকে অভিভাবকেরা চিন্তিত হয়ে পড়েছেন। আশপাশে ১০ কিলোমিটারের মধ্যে কোনো বিদ্যালয় না থাকায় বাধ্য হয়ে শিক্ষার্থীরা এ বিদ্যালয়ে পড়ছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার রায় বলেন, অতিবৃষ্টিতে বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পাঠদানের সমস্যা দেখা দিয়েছে। বিদ্যালয়টি মেরামতের জন্য প্রধান শিক্ষকের আবেদন পাওয়া গেছে। শিগগিরই বিদ্যালয়টি মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।