খোলা আকাশের নিচে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার খেরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কক্ষসংকটের কারণে শিশুদের ক্লাস করতে হচ্ছে খোলা আকাশের নিচে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষার্থী ১৫৪ জন। একটি ভবনের তিনটি কক্ষে গাদাগাদি করে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। তাও আবার দুই পালায়। প্রথম পালায় সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিশু শ্রেণী, প্রথম, দ্বিতীয় ও পঞ্চম শ্রেণী এবং দ্বিতীয় পালায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পাঠদান চলে। সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে কয়েক জোড়া বেঞ্চে বসে শিশুরা বসে পড়ছে। রোদ থাকলে গাছের ছায়ায় চলে পাঠদান। আর বৃষ্টি এলে বই-খাতা নিয়ে দৌড়ে যেতে হয় বিদ্যালয়ের বারান্দায়। বৃষ্টি থামলে আবার মাঠে ফিরে যায় তারা। এতে অনেক সময় পাঠদান ব্যাহত হয়। শিশু শ্রেণীর শিক্ষার্থী সোহান বলে, ‘এখানে খালি রোদ লাগে। আমরা ঘরের মধ্যে পড়তে চাই।’ বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে থাকা অভিভাবক নাসরিন আক্তার বলেন, খোলা আকাশের নিচে এভাবে বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ থাকে না। আরেক অভিভাবক সুলতানা খাতুন বলেন, শিশুদের পড়াশোনার জন্য যে পরিবেশ দরকার, তা তারা পাচ্ছে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ বলেন, বিদ্যালয়ে চারজন শিক্ষক থাকলেও কক্ষসংকটের কারণে খুব সমস্যার মধ্যে পাঠদান করতে হচ্ছে।