খোলা আকাশের নিচে বস্তার স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী, চুয়াডাঙ্গা ও কুমিল্লার দাউদকান্দিতেও আলুর বাম্পার ফলন হয়েছে। চুয়াডাঙ্গায় কোনো হিমাগার না থাকায় চাষিরা বিপাকে পড়েছেন। আর রাজশাহী ও দাউদকান্দির হিমাগারগুলোতে জায়গা না হওয়ায় অনেক চাষির হাজার হাজার বস্তা আলু খোলা আকাশের নিচে পড়ে আছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহীতে আলুর বস্তার দীর্ঘ সারি: হিমাগারগুলোতে সারি ধরে আলুর গাড়ি ঢুকছে। লাইনেই সারা দিন কেটে যাচ্ছে। কৃষকদের আশঙ্কা, এবার হিমাগারে আলু রাখার জায়গা হবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, রাজশাহীতে আরও হিমাগার না বানালে আর চলবে না।রাজশাহীতে এবার ২৯ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর চাষ হয়েছে ৩৩ হাজার ৫০ হেক্টরে। গতবার রাজশাহীতে চার লাখ ৯৯ হাজার মেট্রিক টন আলু উত্পাদিত হয়। এবার গতবারের চেয়ে অনেক বেশি ফলন হবে বলে আশা করা হচ্ছে। রাজশাহীতে ২৫টি হিমাগার আছে। এগুলোতে প্রায় আড়াই লাখ টন আলু রাখার ব্যবস্থা রয়েছে।গত বৃহস্পতিবার পুঠিয়ার আজিজুল হক হিমাগারে গিয়ে দেখা যায়, হিমাগার থেকে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ আলুর গাড়ির লাইন। কয়েক দিন আগে পবার বারুইপাড়া এলাকার সরকার হিমাগারে গিয়ে দেখা যায়, স্টোরেজের সামনের মাঠে আর আলু রাখার জায়গা নেই। অথচ গেটে তখনো আলুর গাড়ির লাইন। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মহসীন আলী মিঞা বলেন, আলু নিয়ে কৃষক একটু বিপাকেই পড়েছে। হিমাগারগুলোতে আর জায়গা নেই।চুয়াডাঙ্গায় হিমাগার নেই: সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আলুচাষি ডাবলু মিয়া পৌনে তিন বিঘা জমিতে চাষ করেছিলেন। বিঘা প্রতি ১০০ মণ আলু পেয়ে বেশ খুশি হয়েছিলেন তিনি। কিন্তু জেলায় কোনো হিমাগার না থাকায় তিনি আলু সংরক্ষণ করতে পারছেন না। ফলে বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করে দিচ্ছেন তিনি। ডাবলু মিয়ার মতো জেলার অন্যসব আলুচাষিরও একই অবস্থা।চলতি মৌসুমে এক হাজার ৫২৫ হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছে। প্রতি হেক্টরে ২০ দশমিক ৮০ মেট্রিক টন হিসাবে ৩১ হাজার ৭২০ মেট্রিক টন আলু উত্পাদিত হয়েছে।নাসির উদ্দিন নামের এক আলুচাষি জানান, হিমাগার না থাকায় দূরবর্তী জেলা যশোর, ফরিদপুর ও খুলনায় আলু নিয়ে যাওয়ার পর হিমাগারের সামনে দিনের পর দিন রাস্তার ওপর তা ফেলে রাখতে হচ্ছে। এতে আলুর মান নষ্ট হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজুল ইসলাম জানান, হিমাগারের প্রয়োজনীয়তার বিষয়ে উচ্চপর্যায়ে লিখিতভাবে জানানো হয়েছে।দাউদকান্দিতে জায়গা নেই: উপজেলার সাতটি হিমাগারের ধারণক্ষমতা ৫৮ হাজার ৫৬০ মেট্রিক টন। কিন্তু আলু উত্পাদন হয়েছে এক লাখ ৫০ হাজার মেট্রিক টনেরও বেশি। ফলে হিমাগারগুলোতে আলু রাখার জায়গা পাচ্ছেন না চাষিরা।ধনেশ্বর গ্রামের নূর নবী (৪০) জানান, দাউদকান্দিতে এবার প্রতি ৩০ শতাংশ জমিতে ৮০-৯০ মণ আলু হয়েছে। ফলন বেশি হওয়ায় বাজারে দাম কমে গেছে। বর্তমানে স্থানীয় বাজারগুলোতে প্রতি মণ আলু ২৮০-৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।দাউদকান্দির সরকার, কুমিল্লা ফুড, ব্র্যাক, হিমালয়-১, হিমালয়-২, আশিক ও সিদ্দিক হিমাগারের ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলে জানা যায়, হিমাগারগুলো আলুতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এ বছর দাউদকান্দিতে আবহাওয়া অনুকূলে থাকায় আলুখেতে পোকার আক্রমণ হয়নি। তাই ফলন ভালো হয়েছে।