খোলা আকাশের নিচে রাখা সার বৃষ্টিতে নষ্ট
জায়গা সংকটে খোলা আকাশের নিচে রাখা বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ বাফার স্টক (আপৎকালীন মজুত) গুদামের সার গত শুক্রবার রাতের বৃষ্টিতে ভিজে গেছে। এতে নষ্ট হয়ে গেছে প্রায় পাঁচ হাজার বস্তা সার।
বাফার গুদামের কার্যালয় সূত্রে জানা গেছে, বাফার গুদাম থেকে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের ১০ উপজেলার ১০৩ জন বিসিআইসি ডিলার এবং ঠাকুরগাঁও ও পঞ্চগড় চিনিকলের সাবজোন এলাকার আখচাষিদের ইউরিয়া সরবরাহ করা হয়। এ গুদামের সর্বোচ্চ ধারণক্ষমতা ১৫ হাজার মেট্রিক টন। এখানে ধারণাক্ষমতার চেয়ে সাত হাজার মেট্রিক টন সার বেশি ছিল। এ কারণে সেগুলো গুদামের বাইরে খোলা আকাশের নিচে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়। গত শুক্রবার রাতের বৃষ্টিতে বাইরে রাখা এসব সার ভিজে যায়।
গতকাল শনিবার সকালে ওই গুদামে গিয়ে দেখা যায়, গুদামের সামনে রাখা সার বৃষ্টির পানিতে ডুবে আছে। একটি স্তূপ থেকে সারের বস্তা ভেঙে পড়েছে। গুদামের শ্রমিকেরা নষ্ট হয়ে যাওয়া সার সরিয়ে নিতে ব্যস্ত।
গুদামের শ্রমিক মো. ইসলাম উদ্দিন বলেন, ‘সকালে এসে দেখি গুদামের বাইরে রাখা সার বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। পরে শ্রমিক ঠিকাদার সারের বস্তাগুলো সরিয়ে নিতে নির্দেশ দিলে আমরা তা সরিয়ে নিতে শুরু করি।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, ধারণা করা হচ্ছে বৃষ্টিতে ভিজে পাঁচ হাজার বস্তা সার নষ্ট হয়েছে।
বিসিআইসি ডিলার ফরিদ উদ্দিন বলেন, বৃষ্টির মৌসুমে গুদামের বাইরে সার থাকার কারণে বস্তাপ্রতি দু-তিন কেজি করে ওজনে কমে যায়। এখন শুনছি গুদামের বাইরে থাকা সার বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে।
বিসিআইসির শিবগঞ্জ বাফার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান বলেন, ‘আপৎকালীন মজুতের জন্য ধারণক্ষমতার বেশি সার গুদামে আনা হয়। কিন্তু গুদামে জায়গার সংকট থাকায় প্রায় সাত হাজার মেট্রিক টন সার বাইরে রাখা হয়। আমাদের সার সংরক্ষণে তেমন ত্রুটি ছিল না। এরপরও শুক্রবারের রাতের বৃষ্টিতে বাইরে থাকা শ তিনেক সারের বস্তা নষ্ট হয়ে যায়।’