খোলা আকাশের নিচে শিশুদের পাঠদান
প্রায় ছয় মাস ধরে খোলা আকাশের নিচে ক্লাস করছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৮ নম্বর কোড়ালিয়া এ রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কায় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের বাইরে ক্লাস করতে হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, ১৯৪৫ সালে স্থাপিত এই বিদ্যালয়ে ১৯৯৩-৯৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে চার কক্ষবিশিষ্ট পাকা ভবন নির্মাণ করা হয়।
বর্তমানে বিদ্যালয় ভবনের কলাম বিভিন্ন স্থানে ফেটে গিয়ে রড বের হয়ে গেছে। দেয়াল ও ছাদের পলেস্তারা প্রতিদিনই খসে পড়ছে। ভবনের উত্তর ও পূর্বাংশ হেলে পড়েছে।
এ অবস্থায় ছয় মাস আগে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ ঘোষ বিদ্যালয় পরিদর্শনে এসে শ্রেণীকক্ষে পাঠদান ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনারা বেগম জানান, মার্চ মাস থেকেই খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে। ২১ আগস্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুসেন চন্দ্র হালদার বিদ্যালয়টি পরিদর্শন করে শ্রেণীকক্ষ পাঠদানের উপযোগী নয় বলে জানান।
সম্প্রতি ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শ্রেণীকক্ষ থেকে বেঞ্চ বাইরে বের করে গাছের নিচে খোলা জায়গায় শিশুদের পাঠদান করা হচ্ছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাজিয়া বেগম জানান, ছাদ থেকে পলেস্তারা খসে কয়েকজন শিক্ষার্থী ও তিনি আহত হন।
বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ভাবনা জানায়, প্রয়োজনীয় বেঞ্চ না থাকায় অনেকে দাঁড়িয়ে ক্লাস করছে।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুননেছা জানায়, বিদ্যালয়ের ভবনের খারাপ অবস্থার কারণে তাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। সমাপনী পরীক্ষায় ভালোভাবে ক্লাস করতে না পারলে ফল ভালো হবে না।
একই শ্রেণীর আরেক শিক্ষার্থী মো. শাকিল জানায়, বাইরে ক্লাস করতে গিয়ে অনেক সময় রোদে পুড়তে হয়। বর্ষা এলেই লেখাপড়া বন্ধের উপক্রম হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুসেন চন্দ্র হালদার বলেন, বিষয়টি নিয়ে উপজেলা পরিষদের সমন্বয় সভায় আলোচনা হয়েছে।