খোলা আকাশের নিচে শ্রেণী কার্যক্রম শুরু
ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের গজারিয়া আদর্শ একাডেমীতে (কিন্ডারগার্টেন) গত রোববার থেকে খোলা আকাশের নিচে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে বিদ্যালয়টি ব্যবহার করার কথা ছিল। ২ জানুয়ারি গভীর রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ে অগ্নিসংযোগ করে। এতে বিদ্যালয়টি পুড়ে যায়। ওই রাতে দুর্বৃত্তরা দাগনভূঞা উপজেলার পাঁচটি বিদ্যালয় ভবনে অগ্নিসংযোগ করে এবং পরের রাতে সোনাগাজী উপজেলায় একটি উপস্বাস্থ্য কেন্দ্র ও তিনটি বিদ্যালয়ে অগ্নিসংযোগ করে। দশম জাতীয় সংসদ নির্বাচনে এসব প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহূত হওয়ার কথা ছিল।
গজারিয়া আদর্শ একাডেমীর অধ্যক্ষ হুমায়ুন কবির জানান, বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক শ্রেণী (প্লে গ্রুপ) থেকে কেজি ফাইভ পর্যন্ত মোট দুই শ শিক্ষার্থী লেখাপড়া করে। তাদের মধ্যে বিতরণের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে নতুন বছরের বইও বিদ্যালয়ে আনা হয়। কিন্তু বইগুলো বিতরণের আগেই পুড়ে যায়। তিনি বলেন, বিদ্যালয় পোড়ানোর ১০ দিন পর রোববার পুড়ে যাওয়া স্কুলঘরের সামনের মাঠে খোলা আকাশের নিচে শ্রেণী কার্যক্রম চালু করা হয়েছে। শিক্ষার্থীদের পুরোনো বছরের বই সংগ্রহ করে দেওয়া হয়েছে।
একাডেমী পরিচালনা কমিটির সভাপতি আবদুল হাই সবুজ বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার কথা বিবেচনা করে আশপাশের বাড়ির লোকজন থেকে এবং পাশের অন্য প্রতিষ্ঠান থেকে কিছু টেবিল ও বেঞ্চ সংগ্রহ করা হয়েছে। বিদ্যালয় ভবন নির্মাণের জন্য সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগিতা চাওয়া হয়েছে। অনেকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।