খোলা আকাশের নিচে সার
খুলনা মহানগরের ফুলবাড়ী গেটের বাদামতলা এলাকায় প্রায় সাড়ে আট হাজার টন ইউরিয়া সার খোলা আকাশের নিচে রাখা হয়েছে। বর্ষার পানিতে সার গলে আশপাশের এলাকায় উৎকট গন্ধ ছড়িয়ে পড়েছে। সার গলা পানি ছড়িয়ে পড়ায় অনেক পুকুরের পানি নষ্ট হয়ে গেছে। মরে যাচ্ছে মাছ ও আশপাশের গাছপালা।বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) খুলনা-মংলার প্রধান শহিদুল ইসলাম জানান, একটি আমদানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে বিসিআইসি ১৬ হাজার ৫০০ টন ইউরিয়া সার সরবরাহ নেয়। প্রথম পর্বে এই সারের প্রায় সাড়ে আট হাজার টন বিক্রি করা হয়। কিন্তু এর পরপরই সারের বস্তায় কোনো লেবেল না থাকায় সার বিক্রি বন্ধ করে দেওয়া হয়। বাকি আট হাজার ৪০০ টন সার বিসিআইসি সরবরাহ নেওয়া বন্ধ করে দেয়। এই সারের গুণমান ঠিক আছে কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য সার পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা হয়েছে। তিনি বলেন, এসব সার বর্তমানে শিপিং এজেন্টের (প্রাইম শিপিং) অধীনে গত ফেব্রুয়ারি মাস থেকে বাদামতলায় খোলা আকাশের নিচে রাখা হয়েছে।গত রোববার এলাকা ঘুরে দেখা গেছে, নগরের পুলিশ ট্রেনিং স্কুলের একটু সামনে সড়কের বিপরীতে স্থানীয় এক ব্যক্তির জায়গা ভাড়া নিয়ে এই সার রাখা হয়েছে। ত্রিপল দিয়ে ঢাকা থাকলেও বর্ষায় সার গলে পানি চুয়ে পড়ছে। মাঠের ভেতর ঢুকতেই অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ নাকে এসে লাগে। সার গলা পানি অবিরল ধারায় পাশের পুকুরে গিয়ে পড়ছে। এর ফলে পুকুরের পানি নষ্ট হয়ে গেছে, সেই সঙ্গে পুকুরের মাছ মরে গেছে। ওই এলাকার বাসিন্দা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুর রহমান প্রথম আলোকে জানান, গত ফেব্রুয়ারি থেকে বাদামতলায় সার রাখার পর থেকে এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছে। সারে অ্যামোনিয়া গ্যাসের কারণে ছেলেমেয়েদের জ্বর, সর্দি-কাশি লেগেই রয়েছে।এ ব্যাপারে প্রাইম শিপিংয়ের ব্যবস্থাপক রাজকুমার দাশ জানান, সার সরিয়ে নেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে অনেক সার সাত নম্বর ঘাটের ভাড়া করা গুদামে সরিয়ে নেওয়া হয়ে। বাকি সার অল্প কয়েক দিনে মধ্যে সরিয়ে ফেলা হবে। পরিবেশ অধিদপ্তর খুলনা কার্যালয়ের উপপরিচালক তরুণ কান্তি সিকদার বলেন, এভাবে ইউরিয়া সার রাখা কোনোভাবেই উচিত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ করে ব্যবস্থা নেওয়া হবে।