খোলা আকাশের নিচে ১০ হাজার বস্তা সার
লালমনিরহাটের মহেন্দ্রনগরে অবস্থিত বাফার গুদামের চত্বরে চার দিন ধরে প্রায় ১০ হাজার বস্তা ইউরিয়া (দুই হাজার ৮০০ টন) খোলা আকাশের নিচে পড়ে আছে। গুদামে স্থানসংকুলান না হওয়ায় অর্ধশতাধিক ট্রাক এবং চত্বরে সারের বস্তাগুলো স্তূপ করে রাখা হয়েছে। এর প্রতিবাদে ট্রাকশ্রমিকেরা বৃহস্পতিবার ওই গুদামের চত্বরে বিক্ষোভ করেন। পরে লালমনিরহাট সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গুদাম কর্তৃপক্ষ জানায়, মহেন্দ্রনগর বাফার গুদামে সারের ধারণক্ষমতা নয় হাজার টন। কিন্তু এখানে এখন ২০ হাজার টন ইউরিয়া সার মজুদ আছে। জায়গা না থাকায় বাঘাবাড়ি, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়াসহ বিভিন্ন সারের মোকাম থেকে আসা দুই হাজার ৮০০ টন সার বস্তায় ভরে খোলা আকাশের নিচে রাখা হয়েছে। জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হাকিম জানান, চলতি মার্চ মাসে এ জেলায় সারের চাহিদা রয়েছে ছয় হাজার ৬০০ টন।ট্রাকচালক উজির হোসেন জানান, তিনি সারভর্তি ট্রাক নিয়ে চার দিন ধরে এখানে বসে আছেন। গুদাম কর্তৃপক্ষ ট্রাক থেকে সার নামানোর অনুমতি না দেওয়ায় তিনি ভোগান্তি পোহাচ্ছেন। গুদামের ইনচার্জ হানিফ আলী জানান, গতকাল শুক্রবারও সারের বস্তাগুলো খোলা আকাশের নিচে পড়ে ছিল।