খোলা আকাশের নিচে ১২০ পরিবারের ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীভাঙনকবলিত ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের গণেশপুরের ১২০টি পরিবারের ঈদের দিন কেটেছে খোলা আকাশের নিচে। সারা দেশের মানুষ যখন সেমাই, শরবত খেয়ে ও নতুন জামাকাপড় পরে ঈদ উদ্যাপন করেছে, তখন তাদের সময় কেটেছে চরম হতাশায়। গত ১৫ দিনে গণেশপুরের এ ১২০টি পরিবারের বসতভিটা ও প্রায় এক হাজার ৫০০ একর ফসলি জমি মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে। ওই গ্রামের মসজিদটি নদীতে বিলীন হওয়ায় ওইসব পরিবারের পুরুষ সদস্যরা ঈদের নামাজও পড়তে পারেননি। ঈদের দিন উৎসব করার পরিবর্তে তাঁদের মধ্যে অনেককে বসতঘর অন্যত্র সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত থাকতে হয়েছেরাজাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে, সরকার ২০০১ সালে গণেশপুর গ্রামে একটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করে। এখানে ভাঙনকবলিত ১০০টি পরিবারকে পুনর্বাসন করা হয়। প্রতিটি পরিবার বসতভিটাসহ ২ শতাংশ জমি পায়। সেখানে একটি বিশাল দিঘি, গভীর নলকূপ, কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়। ওই দিঘিতে তারা মাছ চাষও করেছিল। প্রত্যেকের ঘরের আশপাশে নানা ফলের গাছ লাগানো হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের বাইরেও ২০-২৫টি ভাঙনকবলিত পরিবার আশ্রয় নেয়।গত বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পের ১০০ পরিবার ও আশপাশের পরিবারগুলো বসতঘর ভেঙে এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। কেউ অন্যের জমিতে মাসে এক হাজার টাকা অগ্রিম ভাড়া দিয়ে ঘর তুলছে। ট্রলারযোগে চরে পৌঁছানোর পর রামতনু চরে বাঁধের ওপর ঘরের আসবাব, বেড়া ও চাল নিয়ে ময়ফুল বিবিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ৭০ বছর বয়সী শাজাহানকে বাঁধের ঢালেই ঘরের দুটি চাল একত্র করে নিচে বসে থাকতে দেখা যায়। আশ্রয়ণের বাসিন্দা অজিউল্যাহ জানান, ভাঙনে ঘর সরিয়ে আনার পর এখনো ঘর তুলতে পারেননি। ঘর না তোলার কারণে রান্নাবান্না তো দূরের কথা, খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে। ভাঙনের কারণে তাঁর পরিবারের সদস্যরা একটি রোজাও রাখতে পারেননি। ঈদের দিন একটু ফিরনি-নাশতাও রান্না করতে পারেননি। আশ্রয়ণের দক্ষিণ ব্যারাকের ঘরহারা তছির আহমেদ, ইউনুস ফরাজী, মো. সবুজ, আবদুুর রহিম, রোকেয়া বেগম, নুর ইসলাম ফরাজীসহ ২৫ জন এভাবে অনেক কষ্টে রমজান মাস পার করেছেন। এসব পরিবারের শিশুদের গায়ে ময়লা ও ছেঁড়া জামা দেখা গেছে। তাদের মধ্যে কোনো ঈদের আনন্দ নেই। কয়েকটি শিশুকে ক্ষুধার জ্বালায় কাঁদতে দেখা গেছে। অনেক পরিবারের পুরুষ সদস্য স্ত্রী ও সন্তানকে খোলা আকাশের নিচে রেখে মাছ ধরতে গেছেন। এসব পরিবারে অনেক কিশোরী গরু ও মহিষ রাখার দায়িত্ব পালন করছে। নাসিমা (১৩) নামের এক কিশোরীর কাছে ঈদ কেমন কাটিয়েছে জানতে চাইলে সে বলে, ‘কবে ঈদ গেছে কইতাম পারি না। এইবার আমগো লাইগ্যা ঈদ আইয়্যেনো।’ রাজাপুর ইউপির চেয়ারম্যান রেজাউল হক বলেন, রোজার প্রথম থেকে মেঘনার তীব্র স্রোতে গণেশপুরে ভাঙন শুরু হয়। প্রথম দিকে প্রায় দেড় হাজার একর ফসলি জমি ভেঙে গেছে। রাজাপুরে কোনো খাসজমি না থাকায় ভাঙনকবলিতদের আশ্রয় দেওয়া সম্ভব হয়নি। এ জন্য অনেক পরিবার খোলা আকাশের নিচে, বাঁধ ও ধানখেতে আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অলিউর রহমান বলেন, ভাঙনকবলিতদের পুনরায় পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। তবে জমি খুঁজে পেতে সময় লাগবে।