খোলা আকাশের নিচে ২৩ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ পরিবারের সবকিছু পুড়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।ওই ২৩ পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। স্থানীয় সাংসদ ও উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের টাকা, টিন, চিড়া ও গুড়সহ তিন দিনের খাবারের ব্যবস্থা করেছে। এলাকাবাসী ও বুড়িচং উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে প্রথমে সাদকপুর গ্রামের পূর্বপাড়ার আবদুল মজিদের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। ভোর পাঁচটায় দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে ২৩টি পরিবারের ৩০টি ঘর, টাকা, স্বর্ণালংকার, গবাদিপশু ও আসবাবপত্র পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় দৌড়াদৌড়ি করে ঘর থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। তাঁরা হলেন আবদুল মতিন (৬০), সাফেরা বেগম (৫০), আবদুল মান্নান (৪০), জহিরুল ইসলাম (৩০), দুলাল মিয়া (৩০) ও ছায়েদ আলী (২৫)। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে গতকাল বুধবার সকাল আটটায় বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খোরশেদ আলম খান, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম শাহনেওয়াজ ও পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন ঘটনাস্থলে যান। জানতে চাইলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খোরশেদ আলম খান গতকাল বুধবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আগুনে ২৩টি পরিবারই নিঃস্ব হয়ে গেছে। পরিবারগুলোর মধ্যে স্থানীয় সাংসদ আবদুল মতিন খসরুর নামে এক হাজার টাকা করে, উপজেলা প্রশাসন ত্রাণ তহবিল থেকে ছয় হাজার টাকা ও দুই বান্ডিল করে টিন দেওয়া হয়। একই সঙ্গে পাঁচ কেজি চিড়া ও দুই কেজি গুড় এবং দুটি করে শাড়ি ও লুঙ্গি প্রতিটি পরিবারের মধ্যে বিতরণ করা হয়। আগামী শুক্রবার পর্যন্ত পরিবারগুলোর মধ্যে খাবার বিতরণ করা হবে প্রশাসনের মাধ্যমে। অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ টাকা, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) ও গরু পুড়ে যায়।