খোলা আকাশের নিচে ৪৪ হাজার বস্তা সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফার গুদামে জায়গা না থাকায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে খোলা আকাশের নিচে ৪৪ হাজার বস্তা ইউরিয়া সার রাখা হয়েছে। ২০ দিন ধরে বস্তাগুলো সেখানে পড়ে আছে। বৃষ্টি হলে এই সার নষ্ট হতে পারে বলে কৃষি কর্মকর্তা ও ডিলাররা আশঙ্কা প্রকাশ করেছেন।সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের পাশেই বাফার গুদাম। গুদামে জায়গা না থাকায় ট্রাক থেকে সারের বস্তা নামিয়ে খোলা আকাশের নিচে রাখা হচ্ছে। বস্তাগুলো পলিথিন ও ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। এলাকায় সারের ঝাঁজাল গন্ধ ছড়িয়ে পড়ছে।জয়পুরহাট জেলা বাফার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এ জহির উল্লাহ সরকার জানান, ১৯৮০ সালে সদর উপজেলা পরিষদের পূর্ব পাশে দুই হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি গুদাম নির্মাণ করা হয়। অনেক কষ্টে ওই গুদামেই সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন সার রাখা হয়। গুদামে জায়গা না থাকায় ডিসেম্বর থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত ২২ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার খোলা আকাশের নিচে রাখতে হয়। এ অবস্থায় বড় গুদাম নির্মাণের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে কৃষি, শিল্প ও অর্থ মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করা হয়েছে। তবে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।জয়পুরহাট ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা জানান, গুদামে জায়গা না থাকায় দীর্ঘদিন ধরে ইউরিয়া সার খোলা আকাশের নিচে রাখতে হচ্ছে। তাঁদের সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।জয়পুরহাট শহরের সার ডিলার আবদুল মান্নান ও মিনহাজুল ইসলাম জানান, খোলা আকাশের নিচে থাকলে সারের কার্যকারিতা নষ্ট হয় এবং বস্তাপ্রতি ওজন কমে যায়। এ কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলা কৃষি বিভাগ থেকে ২০১২-১৩ অর্থবছরের জন্য ৪৩ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদাপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে চলতি আলু, রবিশস্য ও বোরো চাষের জন্য ৩০ হাজার ৭৪৯ মেট্রিক টন ইউরিয়া সার প্রয়োজন হবে। পর্যায়ক্রমে ওই সার ট্রাকে করে জেলায় পাঠানো হচ্ছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. দেলবর হোসেন জানান, খোলা আকাশের নিচে থাকায় সার নষ্ট হতে পারে। তাই গুদাম ভাড়া নেওয়ার অনুমতি চেয়ে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) কাছে আবেদন করা হয়েছে। এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।