খোলা জায়গা ও গাছতলায় পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখীতে ঘর বিধ্বস্ত হওয়ায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দক্ষিণ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে। শ্রেণিকক্ষের সংকটের কারণে নীলফামারীর সৈয়দপুর উপজেলার খোর্দ্দ সোনাখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে গাছতলায়। এতে ওই দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।
ফুলছড়ি উপজেলার দক্ষিণ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২৩ দিন ধরে খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে। বিদ্যালয় সূত্র জানায়, ১৯৯০ সালে স্থাপিত বিদ্যালয়ে শিক্ষক চারজন এবং ছাত্রছাত্রী ১৩৮ জন। স্থাপনের পর চার কক্ষবিশিষ্ট টিনশেড ভবন নির্মাণ করা হয়। ২০০৩ সালে যমুনা নদীর ভাঙনে বিদ্যালয়ের ভবনটি বিলীন হয়ে যায়। সে সময় কিছুদিন খোলা আকাশের নিচে পাঠদান চলে। পরে স্থানীয় এক ব্যক্তি বিদ্যালয়ের জন্য ২৯ শতক জমি দান করেন। সেই জমিতে তিন কক্ষবিশিষ্ট একটি টিনের ঘর নির্মাণ করা হয়। গত ২২ এপ্রিল বয়ে যাওয়া কালবৈশাখীতে বিদ্যালয়ের একমাত্র ঘরটি লন্ডভন্ড হয়ে যায়। এর পর থেকে খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে। গত বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, তিন দিকে ফসলের মাঠ। এক পাশে পড়ে আছে বিধ্বস্ত ঘর। বিদ্যালয় মাঠে কয়েকটি ছোট ইউক্যালিপটাস গাছ। সেগুলোর ছায়া নেই। পায়ের নিচে তপ্ত মাটি, ওপরে প্রখর রোদ। এ রকম অসহনীয় গরমের মধ্যেই পাঠদান করছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বীথি আক্তার। রোদে সমস্যা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের চেয়ে শিশুরা কষ্ট পাচ্ছে বেশি। ঘর বিধ্বস্ত হওয়ার প্রায় ২৩ দিন পেরিয়ে যাচ্ছে। কিন্তু সংস্কারের উদ্যোগ নেই।’ পঞ্চম শ্রেণির ছাত্র হজরত আলী জানায়, রোদে ক্লাস করতে কষ্ট হচ্ছে। একই শ্রেণির ছাত্রী ইসমত আরা বলে, ‘রোদে কষ্ট করে ক্লাস করছি। কিন্তু বৃষ্টি হলে কীভাবে খোলা আকাশের নিচে ক্লাস করব।’ প্রধান শিক্ষক হায়দার আলী জানান, বিদ্যালয় ঘরটি সংস্কার করার বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহীশ শাফি বলেন, বিদ্যালয়ের ক্ষয়ক্ষতি উল্লেখ করে ইতিমধ্যে শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
গতকাল শনিবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার খোর্দ্দ সোনাখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের গাছতলায় পাঠদান করা হচ্ছে। পাঠদান করছেন সহকারী শিক্ষক সুকোরাণী রায়। তিনি বললেন, গোটা শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষ মাত্র ছয়টি। প্রাক্-প্রাথমিক শ্রেণির আলাদা কক্ষ না থাকায় সমস্যার সৃষ্টি হয়েছে।
প্রাক্-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী তারা আক্তার বলে, ‘বাইরে কোলাহল, আর পাশের সড়কে যানবাহন চলাচলের শব্দে ম্যাডামের কথা বোঝা যায় না।’ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহিনা পারভীন জানান, ১৯৪৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। শিক্ষার্থী ৫৬০ জন। শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিবছর ভালো ফল করছে। গত বছরও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ভালো ফল করলেও বিদ্যালয়ের সে অনুযায়ী কোনো উন্নয়ন হয়নি। শ্রেণিকক্ষ-সংকটের বিষয়টি তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন।
সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব বলেন, ওই বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার বলেন, ‘আমরা বিদ্যালয়টির উন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।’