খোলা জায়গায় আমদানির সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের রুজভেল্ট জেটি, শিরোমনি, ৪ ও ৫ নম্বর ঘাট এলাকায় দুই মাস ধরে বিপুল পরিমাণ সার খোলা আকাশের নিচে স্তূপ করে রাখা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) এসব সার আমদানি করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে বিএডিসির গুদাম খালি না থাকা এবং জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন-ভাড়া বাড়ার ফলে লোকসানের আশঙ্কায় সিঅ্যান্ডএফ এজেন্টদের সার পরিবহনে অনীহার কারণে কোটি কোটি টাকার সার এভাবে ফেলে রাখা হয়েছে। পড়ে থাকা এসব সার চুরির পাশাপাশি কার্যকারিতাও নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।সূত্র জানায়, চলতি বোরো মৌসুমকে কেন্দ্র করে গত তিন মাসে বিএডিসি এক লাখ ৩২ হাজার মেট্রিক টন টিএসপি, ডিএপি ও এমওপি সার আমদানি করেছে। সময়মতো পরিবহন, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে বিএডিসির গুদামে স্থান সংকুলন না হওয়ায় এসব সারের সিংহ ভাগ রুজভেল্ট জেটিতে খোলা আকাশের নিচে রাখা হয়েছে। আর বিসিআইসি বিপুল পরিমাণ ইউরিয়া সার আমদানি করে নগরের শিরোমনি, ৪ ও ৫ নম্বর ঘাট এলাকায় ফেলে রেখেছে।বিএডিসির একটি সূত্রে জানা গেছে, তাদের সার পরিবহনের জন্য গত বছর জুনে পাঁচজন সিঅ্যান্ডএফ এজেন্ট নিয়োগ করা হয়। তাদের সঙ্গে চুক্তি অনুযায়ী এসব সার খুলনার ঘাটে আসার পর নির্দেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার কথা।রুজভেল্ট জেটিতে তিন মাস ধরে খালি জায়গায় কয়েক হাজার মেট্রিক টন টিএসপিসহ অন্যান্য সার পড়ে আছে। আর বিসিআইসির বিপুল পরিমাণ ইউরিয়া সারের সিংহ ভাগ নগরের শিরোমনি, ৪ ও ৫ নম্বর ঘাট এলাকায় ফেলে রাখা হয়েছে।মংলা বন্দর স্টিভেডরস অ্যাসোসিয়েশন ও মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির আহ্বায়ক সৈয়দ জাহিদ হোসেন জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সিঅ্যান্ডএফ এজেন্টদের মুনাফা কম হবে বিধায় দুই মাস ধরে তারা সার পরিবহনে অনীহা দেখাচ্ছে। অথচ বিএডিসি তাদের বিরুদ্ধে বাস্তবভিত্তিক কোনো পদক্ষেপ না নিয়ে কোটি কোটি টাকার সার এভাবে ফেলে রেখেছে। তা ছাড়া কিছু দিনের মধ্যেই বর্ষা মৌসুম শুরু হবে। বৃষ্টি হলে এগুলো গলে যাবে।সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ‘মেসার্স আকবর আলী’র মালিক আকবর আলী জানান, সার পরিবহনের বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্টদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা ঠিক নয়। একসঙ্গে এত সার আসায় এবং বিএডিসির গুদামে স্থান সংকুলন না হওয়ায় সার বিভিন্ন ঘাটে রাখা হয়েছে।অন্যদিকে, রুজভেল্ট জেটিতে সার নিতে আসা যশোর সদর থানার ডিলার সরদার মোবারক হোসেন জানান, খোলা আকাশের নিচে এভাবে সার পড়ে থাকলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে।বিএডিসির যুগ্ম পরিচালক (সার) আলী আসগর জানান, একসঙ্গে এত সার আসায় বিএডিসির গুদামে স্থান সংকুলন না হওয়া এবং গত বছরের তুলনায় এ বছর সার বিক্রি কমে যাওয়ায় বাধ্য হয়ে সার রুজভেল্ট জেটি এলাকায় রাখা হয়েছে। এসব সার সুরক্ষিত করে রাখা হয়েছে। দেশের বিভিন্ন স্থানের গুদাম খালি হলেই এখান থেকে সার দ্রুত পাঠানো হচ্ছে। শিগগির এ সমস্যা কেটে যাবে। আর ট্রাকভাড়া বাড়ার কথা সিঅ্যান্ডএফ এজেন্টরা তাঁকে জানাননি। তিনি জানান, চুক্তি অনুযায়ী তাদের সার পরিবহন করতে হবে। খোলা আকাশের নিচে এভাবে থাকলে সারের কার্যকারিতা নষ্ট হয় না বলে তিনি দাবি করেন। তবে ঝড়-বৃষ্টি হলে সারের গুণগত মান কিছুটা নষ্ট হতে পারে বলে তিনি জানান।বিসিআইসি খুলনার স্টোর কর্মকর্তা মো. শাহজাহান জানান, গুদামে স্থান সংকুলন না হওয়ায় এভাবে সার রাখা হয়েছে। গুদামে খালি হলে দ্রুত সার সরিয়ে নেওয়া হবে।