খোলা জায়গায় মলত্যাগ করে ১ ভাগ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি
খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ মন্ত্রণালয়ের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে সক্ষম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে বর্তমানে স্যানিটেশনের হার ৯৯ শতাংশ। মাত্র ১ শতাংশ ভাসমান মানুষ খোলা জায়গায় মলত্যাগ করে। একে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় সরকারকে একটি উন্নয়নমুখী বিভাগ হিসেবে উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৩ লাখ ২১ হাজার ৪৬২ কিলোমিটার রাস্তা নির্মাণ করেছে। প্রতিটি গ্রামকে যোগাযোগের আওতায় আনা হচ্ছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হওয়ার যে চাপ, সে চাপে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। নতুন স্ট্যান্ডার্ড অনুযায়ী গ্রামীণ রাস্তার আয়তন বাড়ানো হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিরাপদ পানি ও স্যানিটেশনে অভূতপূর্ব উন্নয়ন করেছে।

ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনায় জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেন, ঠিকাদারেরা দলীয় প্রভাবে কাজ পেয়ে পরে আর তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন না। কাজ শুরু করেন বৃষ্টির সময়। জনদুর্ভোগ বাড়ে। দায় চাপে মন্ত্রীর ঘাড়ে।

কাজী ফিরোজ মন্ত্রীর কাছে অনুরোধ করেন, ইঞ্জিনিয়াররা যাতে যথাযথভাবে দায়িত্ব পালন করেন, সে বিষয়ে সতর্ক করার জন্য।

স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী জানান, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরে একটিও প্রকল্প নেই।