খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ট্রাকে করে চারটি পণ্য কম দামে বিক্রি আজ রোববার থেকে শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
পণ্যগুলো হলো: চিনি, বোতলজাত সয়াবিন তেল, মসুর ডাল (নেপালি, তুরস্ক ও কানাডার) এবং পাম তেল। টিসিবির ট্রাক থেকে ক্রেতারা প্রতি কেজি চিনি ৪৩ টাকা, সয়াবিন তেল ১০৭ টাকা, নেপালি মসুর ১০৩ ও তুরস্ক-কানাডার ডাল ৬৫ টাকা এবং পাম তেল ৭৫ টাকায় কিনতে পারবেন।
আজ বিকেলে পাঠানো টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবিরের সই করা এক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি বলছে, একজন ভোক্তা একসঙ্গে চার কেজি চিনি, পাঁচ লিটার এবং তিন কেজি মসুর ডাল কিনতে পারবেন।
ঢাকার ২৬টি, চট্টগ্রামের ১০টি এবং অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি করে এবং বাকি জেলা সদরে দুটি করে ট্রাকে টিসিবির এসব পণ্য বিক্রি করা হবে।

ঢাকার যেখানে টিসিবির ট্রাক থাকবে
ঢাকার জাতীয় প্রেসক্লাব, সচিবালয় গেট, ফকিরাপুল বাজার ও আইডিয়াল স্কুল এলাকা, শান্তিনগর বাজার, মতিঝিলের শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, বাসাবো বাজার, যাত্রাবাড়ী মোড়, কাপ্তান বাজার, মিরপুর-১২, ছাপরা মসজিদ ও পলাশী বাজার এলাকা, গুলিস্তানের গোলাপ শাহ মাজার, ঝিগাতলা কাঁচাবাজার, ফার্মগেটের খামারবাড়ি, মহাখালী কাঁচাবাজার, রামপুরা কাঁচাবাজার, বনশ্রী বাজার, আগারগাঁও বাজার, শেওড়াপাড়া, মিরপুর-১০ গোলচক্কর, কচুক্ষেত বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট, আবদুল্লাহপুর বাজার এবং মিরপুর কালশী মোড় বাজার এলাকায় টিসিবির ট্রাক থেকে পণ্য সংগ্রহ করা যাবে।