খোলা তারের লাইন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ মাসে ছয়জনের মৃত্যু
গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগ খোলা তারে (অ্যালুমিনিয়াম) প্রায় ২০০ কিলোমিটার এলাকায় বিদ্যুতের সংযোগ দিয়েছে। সে লাইনও টানা হয়েছে গাছ ও বাঁশ দিয়ে। এসব লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এমনকি গত পাঁচ মাসে বিদ্যুৎস্পৃষ্টে ছয়জনের মৃত্যু হয়েছে।
গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ কার্যালয় সূত্রে জানা গেছে, এই বিতরণ বিভাগের অধীনে ৮৯৪ কিলোমিটার বিদ্যুতের লাইন আছে। এর মধ্যে প্রায় ২০০ কিমি লাইন খোলা তার দিয়ে গাছ ও বাঁশের মাধ্যমে টানা হয়েছে।
কয়েকটি এলাকায় সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কোথাও হাটবাজার, কোথাও বা আবার বসতবাড়ির ওপর দিয়ে বিদ্যুতের লাইন গেছে। প্রতিরক্ষামূলক ব্যবস্থা ছাড়াই গুরুত্বপূর্ণ অনেক সড়কের ওপরেও লাইন রয়েছে। বিশেষত সেচ পাম্পের লাইনের অবস্থা করুণ। বাতাসে তারগুলো দোল খাচ্ছে। লাইনের খোলা তারের সঙ্গে এটা-সেটা লেগে ফায়ারিং হচ্ছে। কোনো কোনো স্থানে লাইনের বিধ্বস্ত অবস্থা। জানতে চাইলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলী (বিদ্যুৎ) গাইবান্ধা শহরের ব্রিজ রোডের বাসিন্দা রমজান আলী বলেন, বৈদ্যুতিক তারের স্পর্শে এসে কাঁচা বাঁশ ও গাছ বিদ্যুতায়িত হয়ে বিদ্যুতের অপচয় হয়। এ কারণে শর্টসার্কিট হয়ে মারাত্মক দুর্ঘটনাও ঘটতে পারে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্টে গত ১৬ নভেম্বর সদর উপজেলার কুপতলা গ্রামের তহমিনা আক্তার ও রায়হান কবির, গত ৪ জানুয়ারি সাদুল্যাপুর উপজেলার নিজপাড়া গ্রামের জহুরুল ইসলাম, ১১ জানুয়ারি ফুলছড়ির পূর্ব ছালুয়া গ্রামের ট্রাকচালক রতন মিয়া, ২০ মার্চ সুন্দরগঞ্জের শ্রীপুর গ্রামের আবদুল্যাহ মিয়া এবং ৮ এপ্রিল সদর উপজেলার ফলিয়া গ্রামের রিফাত মিয়ার মৃত্যু হয়।
গাইবান্ধা সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, এসব ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এ ধরনের লাইনের সংখ্যা বেশি সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের দাসপাড়া, ধনকুটি, কুটিপাড়া, কুপতলা ইউনিয়নের বুড়ির খামার, বোয়ালি ইউনিয়নের খেয়াঘাট, কয়ারপাড়া, পুলবন্দী, ত্রিমোহনী, রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া, জগৎ রায় গোপালপুর, পলাশবাড়ীর মনোহরপুর, কুমেতপুর, সাদুল্যাপুরের কামারপাড়া, ফুলছড়ির মদনের পাড়া, ভাষারপাড়া ও বালাসি গ্রামে। দাসপাড়া গ্রামের স্কুলশিক্ষক স্বপন মিয়া বলেন, অ্যালুমিনিয়ামের তৈরি খোলা তার গাছ ও বাঁশে বেঁধে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কের পাশ দিয়ে বাঁশ ও গাছের সঙ্গে লাইন টানানোর কারণে শত শত যানবাহন ও মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে।
গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এসব লাইন সংস্কারে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’