
পুরান ঢাকার শাঁখারীবাজারের মূল সড়ক ও সংলগ্ন নালা সম্প্রতি সংস্কার করা হয়েছে। তবে সংস্কারের পূর্ণ সুবিধা পাচ্ছে না এলাকাবাসী। তাদের অভিযোগ, নালা সংস্কারের পর তা খোলা রাখায় চলাচলে অসুবিধা হচ্ছে এবং ঝুঁকি বেড়েছে।
চলতি বছরের মার্চ মাসে শাঁখারীবাজারের কৈলাশ ঘোষ লেন, প্রসন্ন পোদ্দার লেন ও শাঁখারীবাজার রোডের নালা ও রাস্তার উন্নয়নকাজ শুরু হয়। উন্নয়নকাজের অংশ হিসেবে সড়কে ঢালাই দেওয়া ও নালার গভীরতা বাড়ানো হয়েছে।
তবে গতকাল সরেজমিনে দেখা যায়, তবে নালার ওপর কোনো ঢাকনা (স্ল্যাব) বসানো হয়নি। প্রায় এক ফুট প্রস্থ এবং আড়াই থেকে তিন ফুট গভীর নালাগুলোকে এলাকাবাসী সম্ভাব্য দুর্ঘটনার কারণ বলে মনে করছে। তারা বলেছে, গত সপ্তাহে একটি শিশু এই খোলা নালায় পড়ে যায়।
শাঁখারীবাজারের পাথর ব্যবসায়ী বিধান নন্দী বলেন, আগে রাস্তা ভাঙা ছিল। সংস্কারের পর সমান হয়েছে। কিন্তু নালা খোলা রাখায় দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে।
এলাকার বাসিন্দা অপু গুহ বলেন, এবার পূজায় দেখবেন, অনেক লোক নালায় পড়ে যাবে। দুর্গাপূজা ও কালীপূজায় অনেক লোক হয় এই সড়কে। এত চওড়া আর গভীর নালা খোলা থাকলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটবেই।
আরেক বাসিন্দা অশোক নন্দী বলেন, খোলা নর্দমা যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও সৃষ্টি হয়েছে।
রাস্তার দুপাশের অনেক দোকানের সামনের অংশে মালিকেরা নিজ উদ্যোগে ঢাকনা বসিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন দোকানমালিক বলেন, ‘কাস্টমাররা এত চওড়া নালা পার হয়া দোকানে ঢুকতে চায় না। যারা রাস্তা ঠিক করছে, ওরাও কইছে, ড্রেন খোলাই রাখব। তাই নিজেরাই স্ল্যাব বসাইছি।’
এ ছাড়া রাস্তা থেকে নিয়মিত ময়লা নেওয়া হয় না বলেও অভিযোগ এলাকাবাসীর। অমলেশ নন্দী ও সোহাগ বিশ্বাস বলেন, সিটি করপোরেশনের কর্মীরা তিন-চার দিন পরপর ময়লা নেন। এ নিয়ে অনেকবার অভিযোগ করেও কোনো ফল হয়নি।
শাঁখারীবাজার এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এসব বিষয়ে জানতে চাইলে এ ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন বিশ্বাস বলেন, ‘নালা খোলাই থাকবে। স্ল্যাব দেওয়া থাকলে সুইপাররা ময়লা পরিষ্কার করতে পারে না।’ তিনি আরও বলেন, ময়লা না নেওয়ার অভিযোগ সঠিক নয়, বরং এলাকাবাসীই ময়লা ফেলে রাস্তা নোংরা করে রাখে।