খোলা বাঁধ, জোয়ারের পানি ১৫ গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি, ধলঘাটা ও শাপলাপুর ইউনিয়নের প্রায় ২০ কিলোমিটার অরক্ষিত বেড়িবাঁধ সংস্কার করা হয়নি। এ কারণে প্রতিনিয়ত জোয়ার-ভাটায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কমপক্ষে ১৫টি গ্রামের লক্ষাধিক মানুষ।সরেজমিনে দেখা গেছে, উপকূলীয় দ্বীপ মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট ও রাঙ্গাখালীর প্রায় দুই কিলোমিটারের বিভিন্ন স্থানে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে রাজঘাট এলাকার তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। রাজঘাট, মধ্যম রাজঘাট ও উত্তর রাজঘাটের দুই শতাধিক ঘরবাড়ি ইতিমধ্যে সাগরগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে আরও চারটি মসজিদ, একটি মাদ্রাসা এবং শতাধিক পরিবার। ধলঘাট বেড়িবাঁধের চিত্র আরও ভয়াবহ। ধলঘাট ইউনিয়নের সরাইতলার পশ্চিমে আধা কিলোমিটার, নতুন ঘোনার পশ্চিমে আধা কিলোমিটার, সুতরিয়া বাজারের দক্ষিণে প্রায় এক কিলোমিটার এবং পূর্ব দিকে প্রায় ১৫ কিলোমিটার অরক্ষিত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে বেগুন বনিয়া, পণ্ডিত ডেইল, গুইজ্যার ডেইল, সরাইতলা, সুতরিয়া, খাতুরপাড়াসহ কমপক্ষে সাতটি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল আলম জানান, বাঁধ সংস্কার না হওয়ায় এলাকায় জোয়ার-ভাটার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে চিংড়িচাষির পাশাপাশি সাধারণ জনগণ।মাতারবাড়ি রাজঘাট এলাকার বাসিন্দা মোহাম্মদ মুরাদুল ইসলাম জানান, প্রতিবছর বর্ষা এলে এ এলাকার জনগণ সাগরের জোয়ার-ভাটার কবলে পড়ে ক্ষতির সম্মুখীন হলেও তা দেখার কেউ নেই।ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মকবুল আহমদ প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন সময় ঘূর্ণিঝড়ের আঘাতে মাতারবাড়ি-ধলঘাটার ৩২ কিলোমিটার বেড়িবাঁধের প্রায় ১৭ কিলোমিটারের বিভিন্ন স্থান ভেঙে যাওয়ায় জোয়ারের পানি ঢুকে ১০টি গ্রামের লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অরক্ষিত বাঁধগুলো সংস্কারের জন্য বেশ কয়েকবার লিখিতভাবে জানালেও কোনো কাজ হচ্ছে না।’মাতারবাড়ির ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, রাজঘাটের প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় তিনটি গ্রামে জোয়ারের পানি ঢুকছে। হুমকির মুখে পড়েছে শতাধিক বসতবাড়ি, চারটি মসজিদ এবং একটি মাদ্রাসা। তিনি বলেন, ১৯৯১ ও ১৯৯৭ সালের ঘূর্ণিঝড়ের আঘাতের পর শুধু ২০০২ সালে প্রায় এক কিলোমিটার অরক্ষিত বাঁধ সংস্কার করা হলেও তা আবার সাগরে বিলীন হয়ে গেছে।শাপলাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সায়েদুল ইসলাম জানান, এলাকার প্রায় তিন কিলোমিটার বাঁধ অরক্ষিত থাকায় তিন শ একর কৃষিজমিতে চাষ হচ্ছে না।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন জানান, বিধ্বস্ত বেড়িবাঁধগুলো সংস্কার না হওয়ায় মাতারবাড়ি, ধলঘাটার ও শাপলাপুর ইউনিয়নের লক্ষাধিক মানুষ হুমকির মুখে পড়েছে। যেকোনো সময় দুর্যোগে প্রাণহানির আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে অনেকবার বলা হলেও কোনো কাজ হচ্ছে না।কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী কাজি নজরুল ইসলাম জানান, উপকূলীয় দ্বীপ মাতারবাড়ি ও ধলঘাটার অরক্ষিত বেড়িবাঁধ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।